বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া স্মিথ, জয়সুরিয়ার ব্যাটিং তান্ডবে ধরাশায়ী
গ্রায়েম স্মিথ ও সনথ জয়সুরিয়ার ঝড়ো ব্যাটিংয়ের তান্ডবে কাউন্টি লিগের সমারসেট ক্লাব জয় পেযেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
টাউনটনে উত্তেজনাপূর্ণ এ খেলায় স্টেডিয়াম দর্শকপূর্ণ ছিল। অস্ট্রেলিয়ার ৩৪৩ রানের বিশাল টার্গেটের জবাবে সমারসেট ১৯ বল বাকি থাকতেই ছয় উইকেটে ৩৪৫ রান তুলে। স্মিথ ব্যক্তিগত ১০৮ ও জয়সুরিয়া ব্যক্তিগত ১০১ রান করেন।
প্রথম উইকেট জুটিতে তারা সংগৃহীত রান ১৯৭।
তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় পরাজয়। টুয়েন্টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া ১০০ রানে পরাজিত হয়।
সামারসেটের পক্ষে জেমস হিলডার্থ জয় সূচক বাউন্ডারিটি মারেন।
ন্যাটওয়েস্ট সিরিজের প্রথম ম্যাচে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মাইকেল ক্যাসপ্রোইচ আট ওভার বোলিং করে ৮৯ রান দেন। অল-রাউন্ডার শন ওয়াটসন প্রথম তিন ওভার গড়ে ১৪ রান দেন এবং ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৭২ রানে এক উইকেট।
অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতে হেইডেন, পন্টিং ও ক্লার্কের চমৎকার ব্যাটিং নৈপুণ্যের উপর ভর করে পাঁচ উইকেটে ৩৪২ রানে তোলে।
ম্যাথু হেইডেন দিনের প্রথম বল এক্সট্রা কভার দিযে বাউন্ডারির বাইরে পাঠান। তিনি ৩৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবং ৭৬ রান করে মাঠ থেকে বিদায় নেন।
অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ৮০ রান করেন, যার মধ্যে তিনটি ছক্কার মার ছিল।
মাইকেল ক্লার্ক ৬৩ রান করে অপরাজিত থাকেন। মাইক হুসে ৫১ রান করেন।
অস্ট্রেলিয়ার সংগ্রহ বিশাল হলেও তাতে ঘাবড়ে যায়নি সমারসেটের খেলোয়াড়রা। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক স্মিথ ও শ্রীলঙ্কান জয়সুরিয়া ওপেনিং করেন চমৎকার। তারা ব্রেট লীর প্রথম চার ওভারে ২৬ রান তোলেন। অবশ্য ব্রেট লী কাঁধের ব্যথার জন্য ম্যাচ শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরে যান।
জয়সুরিয়া ১০১ রান করেন, যার মধ্যে ছক্কা ছিল তিনটি। জয়সুরিয়াকে আউট করেন ম্যাকগ্রা এবং সিথকে আউট করেন ক্লার্ক।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে ম্যাকগ্রা ও হুসে দু’টি করে উইকেট পান। আর ক্লার্ক ও ওয়াটসন একটি করে উইকেট লাভ করেন।
