২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া থেকে ২০০৮ সাল নাগাদ সৈন্য প্রত্যাহার করে নেবে রাশিয়া

রাশিয়া প্রতিবেশী দেশ জর্জিয়া থেকে ২০০৮ সালের মধ্যে তার সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে নেবে। ককেশাস অঞ্চলের দেশগুলোর পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সাথে ঘনিষ্টতা বাড়ানোর প্রবণতা বিবেচনা করেই রাশিয়া সোমবার এ সিদ্বান্ত নেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

মে মাসের শুরুতে জর্জিয়া হুমকি দিয়েছিল যে, রাশিয়া যদি আগামী ১ জানুয়ারির মধ্যে সৈন্য প্রত্যাহার করে না নেয় তাহলে তাদের ঘাঁটিতে আসা সৈন্যদের ভিসা প্রদান বন্ধ করে দেওয়া হবে। এছাড়া ঘাঁটি থেকে কার্গো চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হবে।

এ ধরনের হুমকির পাল্টা জবাবে জর্জিয়াকে সতর্ক করে দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, “আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না। আমাদের ঘাঁটির ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়া হলে আমরা নিচুপ বসে থাকব না।”

তবে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাতপূর্ণ অবস্থার অবসান ঘটিয়ে আপোষরফার ইঙ্গিত দেন। তিনি বলেন, “জর্জিয়ার অনুরোধ তার দেশ উপেক্ষা করতে পারে না। তবে রাশিয়ার সামরিক ঘাঁটি বন্ধ করার পর অন্য কোনও দেশের সৈন্য সেখানে মোতায়েন হোক তা প্রত্যাশিত নয়। আর এমনটি হলে তা আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে।”

দ’ুদেশের রাষ্ট্রপ্রধান সাকাশভিলি এবং পুতিনের মধ্যে শনিবার টেলিফোন সংলাপের পর সৈন্য প্রত্যাহারের বিষয়ে চুড়ান্ত সিদ্বান্ত‘ নেওয়া হয়। তারই ফলশ্রুতিতে সোমবার দ’ুদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী সালোম জুরাবিশভিলি চুক্তি স্বাক্ষর করতে গিয়ে বলেন, “জর্জিয়া এবং রাশিয়ার জন্য এটা খুবই আনন্দঘন মুর্হূত এবং এতে দু’দেশের মধ্যে ভবিষ্যৎ সর্ম্পক আরও গাঢ় হবে।”

চুক্তি অনুযায়ী চলতি বছরের শেষের দিকে আখালকালাকি ঘাঁটি থেকে রাশিয়ার সৈন্য এবং সামরিক সরঞ্জামাদি প্রত্যাহার শুরু হবে। এরপর বাতুমি ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার করা হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, ২০০৮ সালের মধ্যে জর্জিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে তারা অঙ্গীকারবদ্ধ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

১৯৯৯ সাল পর্যন্ত জর্জিয়াতে রাশিয়ার ৪টি সামরিক ঘাঁটি ছিল। দুটি আগেই উঠিয়ে নেয়া হলেও জর্জিয়া-আর্মেনিয়ার সীমান্তের কাছে কৃষ্ণ সাগর তীরবর্তী বাতুমি ঘাঁটিটি সোভিয়েত আমল থেকেই রয়েছে। এতে সৈন্য সংখ্যা ৩ সহস্রাধিক। ঘাঁটি বন্ধের এ চুক্তির ফলে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির নি:সন্দেহে বিশাল বিজয় হল। কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে জর্জিয়ার সর্ম্পকের উন্নতি ঘটাতে আগ্রহ প্রকাশ করেছেন এবং রুশ ঘাঁটি বন্ধ হোক তাই চেয়েছিলেন।