২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের চার সন্তান গর্ভে নিলেন অষ্ট্রেলীয় মা

দ্বিতীয়বারের মতো একই সঙ্গে চার সন্তান গর্ভে ধারণ করেছেন অষ্ট্রেলীয় এক মহিলা। শিশুরা আলোর মুখ দেখবে ডিসেম্বরে। এটিই হবে বিশ্বে এ ধরণের প্রথম ঘটনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

২৬ বছর বয়সী ডেল চক এ নিয়ে বেশ উৎফুল্ল। কারণ এমনটিই চাইছিলেন তিনি।

তার স্বামী ড্যারেন একজন সিকিউরিটি গার্ড। গত আগষ্টে এই দম্পতি একই সঙ্গে চার সন্তানের জনক-জননী হন। কুইন্সল্যান্ড ফার্টিলিটি গ্রুপের মাধ্যমে তারা কৃত্রিম প্রজনন ব্যবস্থা গ্রহন করেন।

একই প্রক্রিয়ায় একটি কন্যা সন্তানও লাভ করেন তারা। ওর নাম রাখা হয় শেলবি।

প্রথম দফায় চার সন্তান প্রসব করার পর ডেল চক বলেছিলেন, তাদের চাই ১২টি শিশু এবং ফের একই সঙ্গে চার সন্তান পেলে তিনি খুশি হবেন। একই সঙ্গে ভুমিষ্ঠ চার শিশুর নাম রাখা হয়-এলি, ইমা, জোসেফ এবং স্যামুয়েল। এরা স্বাভাবিক সময়ের ১৩ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়।

ধরনা করা হচ্ছে, ডেলই হতে চলেছেন টানা দ্বিতীয়বারের মতো একই সঙ্গে চার সন্তান জন্মদানকারী প্রথম মা।

অষ্ট্রেলিয়ান মাল্টিপল বার্থ অ্যাসোসিয়েশন ন্যাশনাল চেয়ারওমেন ক্যাথি ভেলাকট বলেন, দু বছরের কম বয়সী আট

সন্তানের মা হবার বিষয়টি অভাবিত। একেবারেই অন্যরকম। কোনও পরিবার এমন পরিস্থিতিতে পড়েছে, আগে কখনোই শুনিনি।

তিনি বলেন, একই সঙ্গে চার সন্তান, দারুণ এক ব্যাপার! আবারও এমনটি ঘটলে অবশ্যই বলতে হবে, ‘বাহ’!

কুইন্সল্যান্ড ফার্টিলিটি গ্রুপের ডা. ওয়ারেন ডি অ্যামব্রোসিস বলেন, পর পর দু’ দফায় চারটি করে সন্তান প্রসবের কোনও ঘটনা তার জানা নাই।

তিনি বলেন, এটি বিরল এবং বিশ্বে এটিই হবে এ ধরণের প্রথম ঘটনা।

‘ডেল-ড্যারেন দম্পতির প্রত্যাশা পূরণ হতে চলেছে জেনে আমি আনন্দিত। পাশাপাশি একই সঙ্গে বহু সন্তান প্রসবের বিষয়টি নিয়ে উদ্বিগ্নও বটে। কারন এতে অপরিণত অবস্থায় প্রসবিত হবার ঝুঁকি থেকেই যায়।

ডেল-ড্যারেন পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল নয়। তা সত্ত্বেও ডেলের উচ্চারণ, ‘আমি ভাগ্যবতী। রাতে ওরা চারটি যখন ঘুমের ঘোরে, বেশ লাগে।’

ডেলের সব সন্তানেরই জন্ম কৃত্রিম প্রজনন ব্যবস্থায়।

ডেলের বাবা-মার সাথেই এই পরিবারের বসবাস। নতুন নাতি-নাতনিদের কথা ভেবে ডেলের বাবা-মা তাদের বাড়ির সম্প্রসারণ কাজও সেরে রেখেছেন।

শিশুতোষ বিভিন্ন সামগ্রী দিয়ে এই পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।