সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রী পুননির্বাচিত
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী শুক্রবার কংগ্রেসের সভানেত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা দেয়া হবে।
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) কেন্দ্রীয় নির্বাচন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান অস্কার ফার্নান্দেজ সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্রগুলোর চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, পুনরায় দলীয় প্রধান হওয়ার জন্য সোনিয়া গান্ধীর পক্ষে একশটি আবেদন পত্র জমা পড়ে এবং কংগ্রেস প্রধান হওয়ার জন্য আর কোনও প্রার্থী ছিল না।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, দলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয়মন্ত্রী ছাড়াও কংগ্রেসের সিনিয়র নেতারা সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন।
গত নির্বাচনে প্রয়াত জিতেন্দ্র প্রাসাদ সংগ্রেস সভাপতি হিসেবে প্রার্থী হলেও এবারের নির্বাচনে তার কোন প্রতিদ্বন্দ্বি ছিল না। কংগ্রেসের সকল নেতাকর্মী দলের প্রধান হিসেবে সোনিয়ার মনোনয়নের পক্ষে ছিলেন।
