২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া আলোচনায় ফিরে না আসলে সামরিক ব্যবস্থা নেয়া হবে: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া ছয় জাতি পারমাণবিক আলোচনা বর্জন করলে কি করণীয় হবে তারই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বুশ প্রশাসনের এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ, সহকারী সচিব ক্রিস্টোফার হিল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারী রিচার্ড ললেস জানান, আলোচনায় ফিরে আসার জন্য পিয়ংইয়ং-এর উপর চাপ অব্যাহত আছে। কোরিয়া ইতিবাচক ভূমিকা রাখলে যুক্তরাষ্ট্র অবশ্যই নমনীয় আচরণ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পাশাপাশি তারা এ ইঙ্গিতও দেন যে, “যুক্তরাষ্ট্রের ধৈর্য্যের সীমা ভেঙ্গে যাচ্ছে। আর এ জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা যাবে না। পারমাণবিক সমস্যার জটিলতা বৃদ্ধির কারণে তা নিরসনে যুক্তরাষ্ট্র ভিন্ন চিন্তা-ভাবনাও করছে। যদি আলোচনা বন্ধ হয়ে যায় কিংবা পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে সামরিক অভিযান চালাতেও যুক্তরাষ্ট্র ইতস্তত করবে না।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গত সপ্তাহে নিউইয়র্কে উত্তর কোরিয়ার সাথে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের আলোচনা কিংবা বিভিন্ন ধরনের কূটনৈতিক উদ্যোগের পরেও হিল হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা পিয়ংইয়ং-এর কাছ থেকে কোনও প্রকার ইতিবাচক সাড়া পাইনি। তারা কোনওপ্রকার যোগাযোগও করেনি আমাদের সাথে। তাদের প্রদত্ত প্রেস রিলিজও উৎসাহব্যঞ্জক নয়।”

ললেস বলেন, পিয়ংইয়ং হয়তো বাড়তি কোন সুযোগ-সুবিধা আদায়ের জন্যই আলোচনার বিষয়টি ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী পিয়ংইয়ং খুব শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে।

চীন এ ধরণের সম্ভাবনার ব্যাপারে দ্বিমত পোষণ করে।