ইরানের পরমানু বিষয়ক আইএইএ’র অনুসন্ধান কাজে পাকিস্তানের সহায়তা
পাকিস্তান ইরানের পরমানু বিষয়ক অনুসন্ধান কাজে জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) কে সহযোগিতা করছে। এ লক্ষ্যে ভিয়েনায় আইএইএ দপ্তরে পারমানবিক সেন্ট্রিফিউজ পাঠানো হয়েছে।
ইরান আনবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে কি না, তা নির্র্নয়ে জাতিসংঘ পর্যবেক্ষক দলের অনুসন্ধান কাজের অংশ হিসাবে পাকিস্তানের পাঠানো পারমানবিক উপাদানসমূহ পরীক্ষা করা হবে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
ইরানের একটি পারমানবিক কেন্দ্রে সমৃদ্ধ ইউরেনিয়ামের যে আলামত পাওয়া গেছে, পাকিস্তানের ড. আব্দুর কাদির খান অবৈধভাবে তা সরবরাহ করেছিলেন কি না, আইএইএ সেটি পরীক্ষা করে দেখতে চাইছে।
তিনি অবশ্য পারমানবিক গোপন তথ্য ইরানকে প্রদানের কথা স্বীকার করেছেন।
ভিয়েনায় আইএইএ মুখপাত্র বলেন, এ তদন্ত পাকিস্তানের পরমানু কর্মসূচির বিরুদ্ধে নয়। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরন কর্মসূচি চালু রেখেছে কি না, কেবল তা নির্নয় করাই এর লক্ষ্য।
তিনি এটিকে চরম স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করে বলেন, তিনি কেবল এটুকুই নিশ্চিত করতে পারেন যে, পাকিস্তানের বিজ্ঞানীদের একটি দল কিছু স্যাম্পল নিয়ে ভিয়েনায় এসেছেন।
আইএইএ গত দু’বছর যাবত ইরানের পরমানু কর্মসূচির বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
