২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়দা নেতা জারকাবি আহত

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে শীর্ষ সন্ত্রাসী হিসেবে বিবেচিত ইরাকের আল-কায়দা প্রধান আবু মুসা আল-জারকাবি চলমান সহিংস ঘটনায় আহত হয়েছেন। তবে ঠিক কোথায় এবং কিভাবে আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা হয়নি। আল-কায়দার ওয়েবসাইটে মঙ্গলবার একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এদিকে জারকাবির আহত হওয়ার খবর তখনই প্রকাশ করা হল যখন ইরাকে গত ৪৮ ঘন্টায় আট মার্কিন সেনা ও কয়েক ডজন সাধারণ ইরাকি সহিংসতায় নিহত হয়েছে।

আল কায়দার ওয়েবসাইটে সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার এবং আবু মুসা আল জারকাবির সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করার আহবান জানানো হয়।

ওয়েবসাইটের বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটা গর্বের বিষয় যে, আমাদের মহান নেতা আল্লাহর শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছেন।” তবে ওই বিবৃতির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

মার্কিন কর্মকর্তারা জারকাবির আহত হওয়ার ঘটনা সতর্কতার সাথে বিবেচনা করছে।

জর্দানে জারকাবির বোন বার্তাসংস্থাকে জানায়, “আমি তার আহত হওয়ার সংবাদ শোনিনি। আমি তার সম্পর্কে কিছুই জানি না।”

জারকাবির একজন আত্মীয় বলেন, দীর্ঘদিন ধরে জারকাবির সাথে তার কোনও প্রকার যোগাযোগ নেই।