যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবিষয়ক কোনও তথ্য সরবরাহ করবে না সিরিয়া
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সব রকম তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে সিরিয়া।
যুক্তরাষ্ট্র সম্প্রতি অভিযোগ করেছে যে, সীমান্ত দিয়ে দামেস্ক ইরাকে বিদেশী সৈন্য প্রবেশে সাহায্য করছে। সিরিয়া সে অভিযোগকে ‘অন্যায্য ও ভুল’ আখ্যায়িত করে তথ্য পরিবেশন বন্ধ করার এ সিদ্ধান্ত নেয়।
তারপরও সিরিয়া যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা বিষয়ে সাহায্য করার ইচ্ছে ব্যক্ত করেছে।
সিরীয় রাষ্ট্রদূত মোস্তফা বলেন, ‘আমরা আর কখনোই যুক্তরাষ্ট্রকে সাহায্য করব না, তা বলছি না। আমরা বলতে চাই, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কারণে তা সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চান। কিন্তু এর জন্য যুক্তরাষ্ট্রকে সিরিয়ার বিরুদ্ধে এসব অসত্য ও ক্ষেত্র বিশেষে বানোয়াট মিডিয়া প্রচারণা বন্ধ করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র রিচার্ড বাউচার বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার সাথে বিভিন্ন বিষয় যেমন, ইরাক সীমান্ত দিয়ে বিদেশী সৈন্যের অনুপ্রবেশ বন্ধের জন্য সন্দেহভাজন সন্ত্রাসীদের অর্থসাহায্য বন্ধ করার বিষয়ে আলাপ করেছে। কিন্তু দামেস্ক তা মানছে না। তিনি বলেন, দামেস্ক ফিলিস্তিনী জনগণের আন্দেলন-সংগ্রামকে খাটো করে দেখে, যেমন তারা করে সিরিয়া ও লেবাননের ক্ষেত্রে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সাথে দামেস্কের বৈরি সম্পর্ক চলছে।
এদিকে সিরীয় রাষ্ট্রদূত বলেন, ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর সিরীয় সরকার যুক্তরাষ্ট্রকে আল-কায়েদার ব্যাপারে ‘জরুরী তথ্য’ সরবরাহ করে, যা দুটি সন্ত্রাসী হামলা ঠেকাতে কাজে লেগেছে। সিরিয়া ইরাকে সৈন্য প্রবেশ বন্ধ করতে সীমান্তে নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে বলেও তিনি জানান।
তিনি বলেন, সিরিয়া লেবানন থেকে তার সামরিক বাহিনী এবং গোয়েন্দা এজেন্টদের পুরোপুরি প্রত্যাহার করেছে। যদিও জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে তারা নিশ্চিত করে বলতে পারছে না সিরীয় গোয়েন্দা বাহিনী সত্যিই লেবানন ছেড়ে গেছে কি না।
তিনি নিশ্চিত করে বলেন, লেবানন থেকে প্রতিটি সিরীয় সৈন্য, গোয়েন্দা এবং এ দুটি বিভাগের সাথে সংশ্লিষ্টদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন সিরিয়ার প্রতিনিধিত্ব করতে পারে এমন কেউই সেখানে নেই।
