২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে সকল সিরীয় সৈন্য প্রত্যাহার করা হয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ লেবানন থেকে সিরীয় সৈন্য পুরোপুরি তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও গোয়েন্দা এজেন্টদের সবাই লেবানন ছেড়ে গেছে কি না, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলে নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 12:39 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

জাতিসংঘের সামরিক উপদেষ্টারা বলেছেন, বেকা উপত্যকায় নিয়োজিত সিরীয় বাহিনী এলাকাটি পুরোপুরি ছেড়ে গেছে।

জাতিসংঘের সেনাবাহিনী প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব পুরোপুরি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছিল সিরিয়া। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ২৯ বছর ধরে লেবাননে সিরীয় সামরিক উপস্থিতির অবসান হল।

জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল তাদের প্রতিবেদনে বলেছে, লেবানন থেকে সিরীয় গোয়েন্দা স্থাপনাও উঠিয়ে নেয়া হয়েছে। তবে লেবাননে সিরীয় গোয়েন্দারা একেবারেই নেই এমন তথ্য তারা নিশ্চিত করতে পারেন নি।

গত সেপ্টেম্বরে জাতিসংঘে লেবানন থেকে সিরীয় সেনাবাহিনীসহ গোয়েন্দা এজেন্টদের প্রত্যাহার করে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়।

ফেব্রুয়ারীতে লেবাননের সিরিয়াবিরোধী প্রধান মন্ত্রী রফিক হারিরি বোমা হামলায় নিহত হলে হাজার হাজার জনতা সিরিয়াবিরোধী বিক্ষোভ-সমাবেশ করে এবং সেদেশ থেকে সিরীয় সৈন্য প্রত্যাহারের দাবি জানায়।