ইরাকী প্রধানমন্ত্রীর উপদেষ্টা গুলিতে নিহত
ইরাকী প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির শীর্ষস্থানীয় এক উপদেষ্টাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। পুলিশ জানায়, সশস্ত্র ব্যক্তিরা দু’টি গাড়ী করে আসে এবং উপদেষ্টা ও তার ড্রাইভারকে হত্যা করে পালিয়ে যায়।
সোমবার সকালে ওয়ায়েল আল-রুবাইয়া যখন কর্মস্থলে যাচ্ছিলেন তখন বাগদাদের মনসুর জেলার প্রধান সড়কে বন্দুকধারীরা তার উপর হামলা চালায়।
রোববার সকালেও বন্দুকধারীরা আরেকজন শীর্ষ সরকারী কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের চিফ অডিটর আলী মুসাকে গুলি করে হত্যা করে।
যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট ইরাকী সরকারকে অস্থিতিশীল করতে সন্ত্রাসীরা সরকারী কর্মচারীদের মূল টার্গেট করেছে।
মার্কিন সামরিক সূত্র জানায়, রোববার মসুলে দুটি ভিন্ন হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হয়।
