২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন বিরোধী ব্যাপক বিক্ষোভ

ইরাকে হাজার হাজার শিয়া মার্কিন বিরোধী ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষুব্ধ ইরাকীরা দেশটিতে মার্কিন সৈন্যদের উপস্থিতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মসজিদের বাইরে রাস্তায় অংকিত মার্কিন পতাকায় পদাঘাত করে তাদের ক্ষোভ প্রকাশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সুন্নি নেতারা সহিংসতার প্রতিবাদে শুক্রবার মসজিদগুলো বন্ধ রাখার জন্য আহবান জানায়।

ইরাকে গোষ্ঠীগত দাঙ্গা গৃহযুদ্ধের রুপ নিতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

মার্কিন সামরিক বাহিনী জানায়, বাগদাদের উত্তরে একটি রাস্তার পাশে পেতে রাখা বোমায় এক মার্কিন সৈন্য নিহত হয়েছে।

২০০৩ সালে ইরাকে মার্কিন হামলা শুরু হবার পর থেকে কমপক্ষে এক হাজার ছয় শ ২৮ জন মার্কিন সৈন্য নিহত হয়।

ইরাকে সহিংসতা এখন প্রতিদিনের বিষয়।

প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফরি বলেন, সিরিয়া হয়ে ইরাকে বিদ্রোহীদের প্রবেশ বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানাতে তিনি দামেস্ক যাবেন।

তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে সুর মিলিয়ে বহু হামলার পেছনে বিদেশী যোদ্ধাদের হাত রয়েছে বলে মন্তব্য করছেন।

‘নিউ ইয়র্ক পোষ্ট, এবং ব্রিটেনের ‘দি সান’ পত্রিকার প্রচ্ছদে সাদ্দাম হোসেনের অর্ধ নগ্ন ছবি ছাপা হবার পর ইরাকীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পত্রিকা দুটি জানায়, তারা এক মার্কিন সামরিক কর্মকর্তার কাছ থেকে এই ছবি পেয়েছে। কেবল আন্ডারওয়্যার পরা সাদ্দামের এ সব ছবি বাগদাদের জেলে থাকাবস্থায় তোলা হয়েছিলো।

গোটা ইরাক এখন অশান্ত। বিশেষ করে দক্ষিনের শিয়া এলাকার পরিস্থিতি বেশি উত্তেজনাকর। সেখানে মার্কিন বিরোধী নেতা মুরতাদা আল সাদরের ডাকে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী মার্কিন ও ইসরাইলী পতাকা পদাঘাত কর্মসূচিতে অংশ নেয়।

চলতি সপ্তাহে মার্কিন এবং ইরাকী সৈন্যরা অভিযান চালিয়ে আল সাদরের ১৩ জন সমর্থককে আটক করে। এই ঘটনার পর আল সাদর মার্কিন বিরোধী কর্মসূচির ডাক দেয়।

শিয়া অধ্যুষিত নাজাফ, কুফা এবং নাসিরিয়া শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।