স্টেম সেল গবেষণা: কড়াকড়ি শিথিলের যে কোনও প্রয়াসে বাধা দেবেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, স্টেম সেল গবেষণার ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করার উদ্দেশ্যে কোনও আইন প্রণয়ন করার চেষ্টা হলে তাতে তিনি ভেটো দেবেন। তিনি দক্ষিণ কোরিয়ার মানব ক্লোনিং-এর ব্যাপারেও শঙ্কা প্রকাশ করেন।
কংগ্রেসে ডেলাওয়্যারের রিপাবলিকান প্রতিনিধি মাইক ক্যাসেল এবং কলোরাডোর ডেমোক্রেট প্রতিনিধি ডিয়্যান ডি গেট বিষয়টির পক্ষাবলম্বন করছেন। তাদের পৃষ্ঠপোষকতা পেয়েই স্টেম সেল গবেষকরা বেশ খানিকটা অগ্রসর হয়েছেন। তারা আশা করছেন আগামী সপ্তাহে এ ব্যাপারে ভোটাভুটি হবে এবং তা’তে তারা জিতে যাবেন।
বুশ বিলটিকে নীতি-বহির্ভূত বলে অভিহিত করে বলেন, জনগণের অর্থের অপচয় ঘটায় এমন বিজ্ঞানের বিপক্ষে তিনি। তারপরও যদি কংগ্রেসে বিলটি পাশ হয়, তিনি তাতে ভেটো দেবেন।
২০০১ সালে স্টেম সেল গবেষণার ওপর বুশ কড়াকড়ি আরোপ করেন। গবেষকরা তার বিরোধিতা করে বলেছিলেন, এর মাধ্যমে আলঝিমারের মতো জটিল রোগের চিকিৎসা সম্ভব হতে পারে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর সরকারের পক্ষ থেকে এ ধরণের গবেষণায় দুই লাখ ডলার অনুদান দেওয়া হচ্ছে। সিউলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উ সাক হোয়াং বলেন, তারা রুগীদের দেহ থেকে সফল ভাবে ভ্রƒণ স্টেম সেল তৈরি করতে সক্ষম হয়েছেন।
ক্লোনিং-এর ব্যাপারে বুশের শঙ্কার বিষয়টি উল্লেখ করে হোয়াইট হাউসের মূখপাত্র ট্রেন্ট ডাফি বলেন, নাড়ির রক্ত ব্যবহার করে স্টেম সেল গবেষণার বিকল্প কোনও পদ্ধতি আশা করেন বুশ, তা হলে স্টেম সেল গবেষণায় তেমন কোনও নৈতিক সমস্যা দেখা দেবে না।
