মার্কিন নারী সেনার ছয়মাসের জেল
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক জুরি ইরাকের আবু গারিব কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগে এক নারী সেনাকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে।
ইরাকের আবু গারিব কারাগারে বন্দিদের ওপর বর্বর নির্যাতনের ছবি জনসমক্ষে প্রকাশ পাওয়ার পর অনুসন্ধান করে নয় সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়। স্পেশালিস্ট সাবরিনা হার্মান সর্বশেষ অভিযুক্ত সেনা। ২৭ বছর বয়সী সাবরিনা হার্মান বন্দিদের সাথে দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বলেন, “আমি শুধু ইরাকি জনগণকে অমর্যাদা ক্ষুন্ন করিনি, সেখানে দায়িত্বরত প্রতিটি সেনা সদস্যের মর্যাদাকে খাটো করেছি।”
টেক্সাসের ফর্ট হুডে চারজন সামরিক কর্মকর্তা ও চার জন তালিকাভুক্ত কর্মকর্তার সমন্বয়ে গঠিত বিচারালয়ের শুনানীর পর সাবরিনার বিরুদ্ধে আনীত সাতটি অভিযোগের মধ্যে ছয়টিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
হারমানকে সাজা দেওয়ার অভিযোগগুলি হচ্ছে- দুর্ব্যবহার- ৪টি, ষড়যন্ত্র- ১টি এবং দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ রয়েছে একটি। তবে সামরিক জুরি কারাগারে বন্দিদের জোরপূর্বক যৌনাচারে বাধ্য করা সংক্রান্ত অপরাধ থেকে তাকে অব্যাহতি দিয়েছে।
হার্মানকে ছয়মাসের কারাদণ্ড দেয়া হলেও কার্যত তাকে চারমাসের কিছু বেশি সময় কারাভোগ করতে হবে। অসদাচরণের অভিযোগে সাবরিনা হারমানকে চাকরি থেকেও অব্যাহতি দেয়া হবে।
বন্দি নির্যাতনের প্রধান অভিযুক্ত সেনা কর্মকর্তা চার্লস গ্রানারকে মার্কিন সামরিক আদালত ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।
