চিলির বিমান দুর্ঘটনা: ৯ যাত্রী নিখোঁজ
চিলির একটি বিমান প্রচন্ড বাতাসের কারণে বরফ আচ্ছাদিত আন্ডিস পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটির ৯ জন যাত্রীর কোনও সন্ধান এখনও মেলেনি।
চিলি এবং আর্জেন্টিনার সীমানার মাঝে দাঁড়িয়ে রয়েছে আন্ডিস পাহাড়। আর্জেন্টিনা পুলিশের মুখপাত্র রবার্তো ক্যাসেরটো সাংবাদিকদের জানান, প্রচন্ড বাতাসে বরফ আচ্ছাদিত পাহাড়ী এলাকায় সোমবার বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল যাত্রীদের কোনও সন্ধান না পেয়ে ফিরে এসেছে।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলে তাপমাত্রা -২০ ডিগ্রীতে নেমে এসেছে। এরমধ্যেও অনুসন্ধানকারী দল একটি এয়ারপ্লেন এবং একটি হেলিকপ্টার দিয়ে কেউ জীবিত আছেন কি-না তা নিশ্চিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে ডন কার্লোস কোম্পানী অনুসন্ধানকারী একটি বিমান পাঠিয়ে তাদের বিধ্বস্ত বিমানটির সন্ধান পেয়েছে বলে ক্যাসেরটো জানান। যাত্রীবাহী হালকা বিমানটি চিলির অভ্যন্তরীণ রুটের ছিল। কিন্ত এটি আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের শহর পেরিটো মরেনো থেকে ১৩০ কিলোমিটার দূরে দুঘর্টনা কবলিত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
