কোরআন অবমাননার সংবাদে ভুল থাকায় নিউজউইকের দু:খ প্রকাশ
যুক্তরাষ্ট্রের সাময়িকপত্র নিউজউইক গুয়ান্তানামো বন্দীশালায় তদন্তকারী কর্মকর্তাদের দ্বারা কোরআন অবমাননার যে অভিযোগ তুলেছিল তা ভুল স্বীকার করে দু:খ প্রকাশ করেছে। তবে কি কি ধরনের ভুল হয়েছে তা তারা খতিয়ে দেখবে বলে জানিয়েছে। নিউজউইকের এ সংবাদ প্রকাশের পর সমগ্র মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ সমাবেশ হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আফগানিস্তানে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়লে সরকারী নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাত হয়। এর ফলে ১৫ জন মারা যায় এবং শতাধিক লোক আহত হয়। বিভিন্ন দেশের মুসলিম নেতৃবৃন্দ কোরআন অবমাননার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানালে পেন্টাগন কর্মকর্তারা এর জন্য নিউজউইকের দায়িত্বজ্ঞানহীন এবং অসত্য রিপোর্টকে দায়ী ও দোয়ারোপ করে।
নিউজউইক সম্পাদক মার্ক হোয়াইটেকার পাঠকদের উদ্দেশ্যে লেখেন, “আমাদের ভুল তথ্যনির্ভর রির্পোটিংয়ের জন্য আমরা দু:খিত। এর প্রতিবাদে সংঘাতের কারণে যারা হতাহত হয়েছেন এবং যে সমস্ত মার্কিন সেনাকে জড়িয়ে এ রিপোর্ট প্রকাশিত হয়েছে তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
হোয়াইটেকার লিখিত বিবৃতিতে জানান, ম্যাগাজিনে প্রদত্ত তথ্য “যুক্তরাষ্ট্র সরকারের নির্ভরযোগ্য সূত্র” থেকেই সংগৃহীত হয়েছিল। এই রিপোর্ট প্রকাশের পূর্বে প্রতিবেদক মাইকেল ইসিকফ এবং জন বেরি সত্যতা যাচাইয়ের জন্য প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার মতামতও নিয়েছিল। কিন্ত তাদের একজন এখন তা অস্বীকার করছে। তবে অপরজন কোরআন-এর ব্যাপারে উল্লেখিত তথ্য নিয়ে আপত্তি না করলেও প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টের অন্য একটি বিষয়ে।
পেন্টাগনের একজন শীর্ষ মুখপাত্র নিউজউইককে জানান, এ রিপোর্টকে কেন্দ্র করে সামরিক তদন্ত চালানো হয়েছে। “তদন্তে কোরআন অবমাননার কোনও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আটককৃতদের অভিযোগের প্রেক্ষিতে আরেকটি ধর্মীয় অবমাননার তদন্তেও কোনও বিশ্বাসযোগ্যতা মেলেনি।
ম্যাগাজিনটির সম্পাদক বলেন, মূল সূত্র পরে জানায় যে, প্রকাশিত তথ্য সম্বন্ধে তিনি নিশ্চিত হতে পারছেন না। হোয়াইটেকার বিবৃতিতে বলেন, “শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা কোরআন অবমাননা সংক্রান্ত রিপোর্টটির তদন্ত অব্যাহত রাখবে বলে দৃঢ়ভাবে জানিয়েছে। আমরাও আমাদের অনুসন্ধান চালিয়ে যাব।
