চতুর্থ ওয়ান ডে ম্যাচেও জয় পেল দক্ষিণ আফ্রিকা
সফরকারী দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ওয়ান ডে ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় উইকেটের জয় পেয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা ম্যাচে ক্যাচ লাগাতার মিস করেছে। যার ফলে বারবার আউট হওয়া থেকে রক্ষা পেয়েছেন প্রোটিয়াস ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স এবং জাস্টিন কেন্ট।
৫০ ওভারে ২৩২ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দল ৪৭তম ওভারেই গন্তব্যে পৌঁছে যায়। প্রোটিয়াস ব্যাটসম্যান প্রিন্স ক্যারিবিয়ান বোলার কলিমোরের বল মাথার উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দলকে চতুর্থ ম্যাচে জয় এনে দেন। পাঁচ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
প্রিন্স ফিল্ডিংও করেছেন চমৎকার। তিনি ওয়েস্ট ইন্ডিজের চারজন ব্যাটসম্যানকে ক্যাচ আউট করেন। প্রোটিয়াসদের পক্ষে তিনিই করেছেন ম্যাচের সর্বোচ্চ স্কোর। তিনি ১১৭ বল মোকাবেলা করে ৮৯ রান করে অপরাজিত থাকেন এবং ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হন। কেন্ট ৭৫ বল খেলে করেছেন ৬৫ রান। যার মধ্যে চার ছিল পাঁচটি এবং ছক্কা ছিল দু’টি।
তবে বোলিংটা ভালই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১৫ ওভারেই ক্যারিবিয়ান বোলাররা তুলে নিয়ে ছিল এ ডি ভিলিয়ার, বুটা ডিপেনার এবং জ্যাক ক্যালিসের উইকেট।
কিন্তু কেন্ট এবং প্রিন্স জুটি গড়ে রক্ষা করে দক্ষিণ আফ্রিকাকে। তবে ম্যাচটি ক্যারিবিযানদের হাতছাড়া হয় বাজে ফিল্ডিংয়ের কারণে। এই জুটি ক্রিজে থাকা অবস্থায় ক্যারিবিয়ান ফিল্ডিাররা পাঁচটি ক্যাচ মিস করেন।
ইয়ান ব্রেডশো হচ্ছেন ক্যারিবিয়ানদের সেরা বোলার। তিনি আট ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের দলপতি শিবনারায়ণ চন্দরপল ৮৪ রানে অপরাজিত থাকে দলকে ২৩১ রানে পৌঁছে দিতে সাহায্য করেন। তিনি পঞ্চম উইকেটে রামনরেশ সারওয়ানের সাথে জুটি বেঁধে ৫০ রান স্কোরে যুক্ত করেন। সারওয়ান ৭৭ বল মোকাবেলা করে ৪৪ রান করেন, যাতে বাউন্ডারি ছিল চারটি।
চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মাখায়া এনটিনি ছিলেন সেরা। তিনি আট ওভার বোলিং করে ৩৪ রানে তুলে নেন তিন উইকেট। প্রোটিয়াস আরেক বোলার কার্ল ল্যাঙ্গভেল্ট আট ওভার বোলিং করে দুই উইকেট তুলে নেন ৪২ রানের বিনিময়ে।
দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমেই ধাক্কা খায়। অষ্টম ওভারেই ক্যারিবিয়ান বোলার ইয়ান ব্রেডশো প্রোটিয়াস ওপেনার ভিলিয়ারের উইকেট তুলে নেন এবং দশম ওভারে ডিপেনার ক্যাচ আউট হন একই বোলারের বলে। ক্যালিস ১৫তম ওভারে কলিমোরের বলে স্লিপে গেইলের হাতে ক্যাচ তুলে দেন।
এরপর কেন্ট এবং প্রিন্স জুটিবদ্ধ হয়ে দলকে ৪২তম ওভারে জয় এনে দেন।
