২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারবাস এ৩৮০ ফ্লাইটের সফল উড্ডয়ন

বিশ্বের সর্ববৃহৎ যাত্রিবাহী বিমান এয়ারবাস এ৩৮০ বুধবার সফলভাবে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। এ সফলতায় বিমান নির্মাণে আমেরিকান বোয়িং কোম্পানির সাথে লড়াইয়ে ইউরোপীয়রা আরো এক ধাপ এগিয়ে গেলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিশাল এই বিমানের দুটি ডেকের জন্য স্থাপন করা হয়েছে চারটি ইঞ্জিন। ৩০৮ টন ওজনের বিমানটি সকাল ১০ টা ২৯ মিনিটে আকাশে ওড়ে। রাইট ভ্রাতৃদ্বয়ের বিমান উড়ানোর একশ এক বছর পর আবার এই সাফল্যকে স্বচক্ষে দেখতে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ।

ছয়জন ক্রু  এবং ২২ টন ওজনের পরীক্ষণ যন্ত্রপাতি নিয়ে প্রথম উড্ডয়নে বিমানটি চার ঘণ্টা আকাশে ছিল। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এয়ারবাসের নির্বাহী প্রকৌশলী অ্যালেন গার্সিয়া বলেন, আমাদের উড্ডয়ন সফল হয়েছে। 

নীল পুচ্ছ বিশিষ্ট সাদা জেটটি বিস্ময়কর নিরবতায় যখন নীল আকাশের পানে উড্ডয়ন করছিলো, ধীরে ধীরে বাড়ছিলো গতি তখন সবাই হয়ে উঠেন আনন্দে উচ্ছ্বসিত। সতর্কতামূলক সকল ব্যবস্থাই নেয়া হয়েছিলো। পাশেই প্রস্তুত ছিল অগ্নিনির্বাপক ট্রাক।

চিফ টেস্ট পাইলট জ্যাক রোসে, ফ্লাইট ক্যাপ্টেন ক্লদ লেলাই এবং চার সদস্যের ক্রু দলটি কমলা রঙের ফ্লাইট স্যুট পড়েছিলেন।  

কোম্পানির রীতি অনুযায়ী প্রথম উড্ডয়নে তাদের প্যারাসুট পরে নেওয়ার কথা ছিলো। ককপিট থেকে পলায়ন দ্বার পর্যন্ত একটি হ্যান্ডরেল স্থাপন করা হয়েছিল যাতে পাইলট নিয়ন্ত্রণ হারালে ঝাঁপিয়ে পড়ে বাঁচতে পারে।

এই ফ্লাইটটিকে সফল করে তুলতে এগারো বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ব্যয় করা হয়েছে ১৩ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৬৯ সালের সুপারসনিক কনকর্ডের পর ইউরোপের এই বিশাল বিমান উড্ডয়ন দেখার জন্য দর্শকরা এয়ারপোর্টের বাইরে ক্যাম্প খাটিয়ে অবস্থান নেয়।

আমেরিকান বোয়িংয়ের ফ্রান্স কার্যালয়ের প্রেসিডেন্ট ইভস গ্যালান্ড বলেন, তিনি টেলিভিশনে উড্ডয়নের দৃশ্য দেখেছেন এবং সবার সাথে অনুভূতি শেয়ার করেছেন।

এয়ারবাস এ৩৮০ বিমানের ১৫৪ টি অর্ডার ইতোমধ্যেই পেয়েছে। এটি প্রতিপক্ষ বোয়িংয়ের দূরপাল্লার ৭৪৭ জাম্বো জেটের চেয়ে পাঁচ শতাংশ বেশি যাত্রী বহন করতে পারবে এবং তাও তাদের তুলনায় এক পঞ্চমাংশ কম খরচে।