ইরাকে নতুন মন্ত্রিসভা গঠনে সুন্নীরা তাদের দাবি প্রত্যাহার করেছে
ইরাকে নতুন মন্ত্রিসভায় অধিক পদ লাভের যে দাবি করেছিল সুন্নীরা, অবশেষে তা প্রত্যাহার করে নিয়েছে তারা। ১০টি সুন্নী গ্রুপের জোট ন্যাশনাল ডায়লগ কাউন্সিল প্রথম পর্যায়ে মন্ত্রী পরিষদে ১৬টি আসন দাবি করেছিল। তাদের প্রস্তাবিত তালিকায় সাদ্দাম হোসেনের বাথ পার্টির কতিপয় সদস্যের নামও ছিল।
কিন্ত নির্বাচনে ২৭৫ আসন বিশিষ্ট ন্যাশনাল এসেম্বলীতে ১৪৮ আসনে জয়ী শিয়া-কুর্দি জোট সদস্যরা তাদের ওপর নৃশংস নির্যাতন ও বর্বরতার কথা স্মরণ করে সুন্নীদের কোনও শীর্ষ পদ দিতে অস্বীকার করে। এর ফলে সুন্নীরা তাদের দাবি থেকে সরে আসে।
উল্লেখ্য দীর্ঘ সময় পর গত ৩০ জানুয়ারি ইরাকের পার্লামেন্ট নির্বাচন অধিকাংশ সুন্নীই ইচ্ছাকৃতভাবে কিংবা নিজ সম্প্রদায়ের লোকজন কর্তৃক আক্রমনের ভয়ে বর্জন করে। কিন্ত ইরাকে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সুন্নীদের মন্ত্রিসভায় টেনে এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাচ্ছে সরকার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে প্রায় তিন মাস আলাপ-আলোচনার পর ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া ধর্মাবলম্বী গোষ্ঠী একটি মন্ত্রীপরিষদ গঠনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেখানে অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আয়াদ আলাভির কোনও লোককে অন্তর্ভূক্ত করা হচ্ছে না। ইরাকী ইউনাইটেড অ্যালায়েন্স-এর সদস্য আলী আদিব বলেন, “আলাভি গ্রুপের সাথে আলোচনা চালিয়েও আমরা কোনও সমঝোতায় পৌঁছাতে পারিনি। ফলে তাদের বাদ দিয়েই কুর্দি, সুন্নী এবং শিয়াদের সমন্বয়ে একটি সরকার গঠন করতে হচ্ছে।”
অর্ন্তবর্তীকালীন জাতীয় সংসদে ২৭৫টি আসনের মধ্যে আলাভি জোটের রয়েছে ৪০টি আসন। আলাভি জোট জানায়, তাদেরকে বাইরে রেখে মন্ত্রী পরিষদ গঠিত হলেও তারা ইরাক সরকারকে সর্মথন জানিয়ে যাবে।
ইরাকে এখনও একটি অস্থায়ী সরকার ক্ষমতায়। নির্বাচনের তিন মাস পরেও ইরাকে সরকার গঠন করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উদ্বিগ্ন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইজ বলেছেন, যত দ্রুত সম্ভব ইরাকী রাজনীতিকদের এ অচলাবস্থার অবসান ঘটাতে হবে।
এ ব্যাপারে বুশ প্রশাসনের বেশ ক’জন প্রভাবশালী সদস্য ইরাকের শিয়া এবং কুর্দি রাজনীতিকদের ওপর ক্রমাগত চাপ দিচ্ছেন। তিনি বলেন, সরকার গঠনে যত দেরী হচ্ছে, বিদ্রোহীরা তত শক্তিশালী হচ্ছে।
