২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪৩

জাপানের পশ্চিমাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুশ’রও বেশি। ট্রেনটি লাইনচ্যুত হয়ে একটি ভবনে ধাক্কা খায়। গত ১৪ বছরে দেশটিতে এটিই হচ্ছে সবচে’ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

যাত্রীবাহী ট্রেনটি সোমবার ভোরে (গ্রিনিচ মান সময় ১২টা ২০) টোকিওর ৪০০ কিলোমিটার (৩১০মাইল) দূরে  ওসাকার কাছে হিয়োগো এলাকায় লাইনচ্যুত হয় এবং একটি ভবনে ধাক্কা খায়।

ট্রেনটি লেভেল ক্রসিংয়ে একটি গাড়িকেও ধাক্কা দেয়। তবে এটি লাইনচ্যুত হবার আগে না-কি পরে ঘটেছে, তা পরিস্কার নয়।

দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাত্রীরা জানায়, ট্রেনটি খুব দ্রুতগতিতে চলছিলো বলে মনে হচ্ছিলো। খুব ঝাঁকুনিও খাচ্ছিলো।

জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি হিরোয়ুকি হোসোদা বলেন, দুর্ঘটনার সঠিক কারন সম্পর্কে কিছুই জানা যায়নি।

ভবনে ধাক্কা লেগে সাত বগি সম্পন্ন ট্রেনটির প্রথম বগি দু’টুকরো হয়ে যায়।

বহু পথচারিও আহত হয়েছে বলে জানা গেছে।

ট্রেনযাত্রীদের মধ্যে স্কুল শিক্ষার্থীরাও ছিলো।

গুরুতর আহত ট্রেন চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তার বয়স ২৩ বছর এবং এক বছরেরও কম সময় যাবত তিনি ট্রেন চালাচ্ছেন।

ট্রেনের যাত্রী সংখ্যা ছিলো প্রায় ৬০০।

জাপানের ট্রেন ব্যাবস্থা বিশ্বে নিরাপদতম বলেই বিবেচিত।