২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অপহৃত পাকিস্তানি রাষ্ট্রদূত মুক্তি পেয়েছেন

ইরাকে দু’সপ্তাহ আগে অপহৃত পাকিস্তানি রাষ্টদূত মালিক মোহাম্মদ জাভেদ মুক্তি পেয়েছেন। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এ কথা জানান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মালিক জাভেদ গত ৯ এপ্রিল সন্ধ্যায় বাগদাদ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অপহৃত হন। অপহরণকারী ওমর বিন খাত্তাব মিলিশিয়া গ্রুপের সদস্যরা পাকিস্তানি রাষ্ট্রদূতের মুক্তির বিনিময়ে মুক্তিপণ দাবি করে।

ইসলামাবাদের সরকারি সূত্র জানিয়েছে, কোনও শর্ত ছাড়াই পাকিস্তানি রাষ্ট্রদূত মুক্তি পেয়েছেন এবং কিছুদিনের মধ্যেই তাকে পাকিস্তানে ফিরিয়ে আনা হবে। পাঁচ লাখ ইউএস ডলারের বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।

জাভেদ বাগদাদে আট বছর ধরে পাকিস্তানি রাষ্ট্রদূতের হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী ও ছয় সন্তান বর্তমানে ইসলামাবাদে রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেন, ‘জাভেদ মালিকের মুক্তির ব্যাপারে আমি তার স্ত্রী ও পরিবারের সাথে কথা বলেছি।’ অপহৃত রাষ্ট্রদূতকে মুক্তির জন্য পাকিস্তান আরেকজন রাষ্ট্রদূতকে ইরাকে আলোচক  হিসেবে পাঠিয়েছিল।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তান অন্যতম সহযোগী। কিন্তু ইরাক যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছিল।