২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কয়েদির সংখ্যা বিশ্বে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে ফৌজদারী দণ্ডবিধির আওতায় কয়েদির সংখ্যা ২০০৪ সাল পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে। সম্প্রতি মার্কিন সরকারের ষান্মাসিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের শেষ দিকে কারাবন্দির সংখ্যা ছিলো ২১ লাখ ৩১ হাজার ১শ’ ৪০ জন। ২০০৩ সালের তুলনায় এ সংখ্যা ২ দশমিক ৩ ভাগ বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

যুক্তরাষ্ট্রে প্রতি ১ লাখ লোকের মধ্যে ৭শ ২৬ জন কারাবন্দি রয়েছে। ইংল্যান্ডে প্রতি লাখে ১৪২ জন, ফ্রান্সে ৯১ এবং জাপানে ৫৮ জন কারাবন্দি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক পরিসংখ্যানে দেখানো হয়েছে, কারারুদ্ধ কৃষ্ণাঙ্গ পুরুষদের মধ্যে ১২ দশমিক ৬ ভাগের বয়স ৩০ বছরের নিচে। ঠিক একই বয়সের হিসপানিক পুরুষদের সংখ্যা ৩ দশমিক ৬ ভাগ এবং সাদাদের সংখ্যা ১ দশমিক ৭ ভাগ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জাস্টিস পলিসি ইনস্টিটিউটের পরিচালক জেসন জিয়েনডেনবার্গ বলেন, “আমরা যদি কয়েদিদের জন্য অন্য কোনও ব্যবস্থা গ্রহণ করতে না পারি তাহলে কয়েদিদের এ উচ্চ হার অব্যাহত থাকবে।”

বিচার বিভাগের মতে, সংঘর্ষজনিত অপরাধ ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত শতকরা ৩৩ ভাগ কমেছে। আর সম্পত্তিগত অপরাধ কমেছে শতকরা ২৩ ভাগ।

কারাগারে কয়েদির সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। ১৯৯৫ সালের পর প্রতিবছর গড়ে বেড়েছে শতকরা ৩ দশমিক ৫ ভাগ। আর এ থেকেই অপরাধপ্রবণতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

অপরাধ বিশেষজ্ঞরা কারাগারে কয়েদির সংখ্যা বৃদ্ধির জন্য অপরাধ সংক্রান্ত সরকারের কঠোর নীতিমালাকে দায়ী করেছেন। তারা বলছেন, এ নীতির কারণে লাখ লাখ লোককে সামান্য অপরাধ বিশেষ করে মাদক গ্রহণ কিংবা সম্পত্তিসংক্রান্ত জটিলতায় গ্রেফতার করা হচ্ছে।

ওয়াশিংটনের কারাগারের দণ্ডবিধি সংক্রান্ত প্রকল্পের নির্বাহী পরিচালক ম্যাকলম ইয়াং বলেন, “কারাগারে অতিরিক্ত কয়েদির সংখ্যার বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। সামান্য অপরাধে সরকারের কঠোর শাস্তির নীতির কারণে অপরাধীদের জেল খাটতে হচ্ছে। যদি তাদেরকে এসব অপরাধের জন্য অন্য কোনও শান্তি দেয়া যায় তাহলে কারগারে অতিরিক্ত কয়েদির সংখ্যা কমে যাবে।”

এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের কয়েদির সংখ্যায় তারতম্য রয়েছে। ১৯৯৮ সালের পর যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যের কয়েদির সংখ্যা কমে গেলেও সেই তুলনায় অপরাধ কমেনি। টেক্সাসে প্রতি লাখে ৭শ ৪ জন কারাবন্দি রয়েছে। আর মেইনিতে প্রতি লাখে ১শ’ ৪৯ জন। যুক্তরাষ্ট্রে একজন কয়েদির জন্য প্রতিবছর ২২ হাজার ইউএস ডলার ব্যয় হয়। আর যুক্তরাষ্ট্রের কয়েদি এবং কারাসংক্রান্ত ব্যবস্থাপনার জন্য বার্ষিক ব্যয় ৫৭ বিলিয়ন ডলার।

কারাগারে মহিলাদের সংখ্যাও বাড়ছে। ২০০৪ সালে ১ লাখ ৩ হাজার কয়েদির মধ্যে মহিলা কয়েদির সংখ্যা ছিলো শতকরা ২ দশমিক ৯ ভাগ। ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কারাগারে কমপক্ষে ১২ হাজার মহিলা কয়েদি রয়েছে।