রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে তৃতীয় বিশ্বের নেতারা একমত
দু’মহাদেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতা চুক্তির মধ্য দিয়ে গত শনিবার জাকার্তায় আফ্রো-এশীয় সম্মেলন শেষ হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়ধুনো এ চুক্তিকে একটি ঐতিহাসিক চুক্তি ও মাইলফলক বলে উল্লেখ করেছেন। তৃতীয় বিশ্বের প্রায় ৮০টি দেশের রাষ্ট্রপ্রধান এবারের সম্মেলনে অংশ নেন।
আফ্রো-এশীয় সম্মেলনের পরবর্তী ভেন্যু দক্ষিণ আফ্রিকা। এ সম্মেলনের সবচে’ বড় অর্জন হলো দু’মহাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা দু’বছর পর পর বৈঠক করবেন আর রাষ্ট্রপ্রধানরা বসবেন চার বছর পর ।
আফ্রো-এশীয় সম্মেলনে নেতারা অর্থনৈতিক প্রবৃদ্ধি,দারিদ্র বিমোচন, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন। জাপান আগামী তিনবছরে আফ্রিকায় সাহায্যের পরিমাণ দ্বিগুণ করার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য জাপান আফ্রিকার অন্যতম সাহায্যদাতা দেশ।
আফ্রো-এশীয় সম্মেলনে ব্যবসাবাণিজ্য নিয়েও নেতারা আলাপ আলোচনা করেছেন। দু’মহাদেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সহযোগিতা বাড়াতেও তারা একমত পোষণ করেছেন।
দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হিসেবে চীনের কাঁচামাল আফ্রিকার দেশগুলোতে বিশেষ করে পূর্ব সুদান থেকে পশ্চিমের সিয়েরালিওন পর্যন্ত একটি অন্যতম বিনিয়োগের উৎস হিসেবে ইতোমধ্যেই পরিণত হয়েছে।
