গ্রীষ্মকালে অস্ত্রোপচারে মৃত্যুর ঝুঁকি কম থাকে
ফুসফুসে ক্যান্সার আক্রান্ত রোগিদের মধ্যে যারা শীতকালে অস্ত্রোপচার করান তাদের শতকরা ৪০ ভাগের মৃত্যুর ঝুঁকি থাকে। অন্যদিকে গ্রীষ্মকালীন অস্ত্রোপচারে মৃত্যুর ঝুঁকি কম। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক সমীক্ষায় এ কথা জানা গেছে।
সমীক্ষায় ৪শ’ ৫৬ জন রোগির ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, সূর্যালোক ও অতিমাত্রার ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্যোপাদান অস্ত্রোপচারের পর ইতিবাচক ভূমিকা রাখে।
সমীক্ষা পরিচালনাকারী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি জানিয়েছে, এক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তাই বলে গ্রীষ্মকালে অস্ত্রোপচার করবেন সে আশায় বসে থাকা উচিত নয়। যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলেছেন, অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি একটি চমকপ্রদ ব্যাপার। তবে সূর্যালোক কখনও কখনও বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে।
গবেষক দলের প্রধান ওয়েই ঝাউ বলেন, এ সমীক্ষা এ কথা বলছে না যে, রোগিরা একটি নির্দিষ্ট সময়েই অস্ত্রোপচার করবেন। সূর্যালোক আমাদের শরীরে ভিটামিন তৈরি করায় সহায়তা করে। তাই বলে সারাক্ষণ রোদে পোড়ার দরকার নেই।
তিনি বলেন, “অস্ত্রোপচারের আগে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত রোগি যদি প্রচুর পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করে তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে।”
উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রতিবছর কমপক্ষে ৩৩ হাজার ৬শ’ লোক ফুসফুসের ক্যান্সারে মারা যায় যা ক্যান্সারজনিত মোট মৃত্যুর এক চতুর্থাংশের কাছাকাছি।
