২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিদ্রোহীদের হামলায় নিহত ১৬

ইরাকে শনিবার বিদ্রোহীদের হামলায় একজন মার্কিন সেনা ও বার্তা সংস্থা এপির ক্যামেরাম্যানসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এদিকে, বৃহস্পতিবারের বিমান ভূপাতিত করার ঘটনায় জড়িত সন্দেহে মার্কিন বাহিনী ছয় জনকে আটক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:50 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রাজধানী বাগদাদে শনিবার বেশকিছু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে নয় জন ইরাকি সেনা নিহত হয় এবং আহত হয় আরও ২০ জন। সেনাদের ছোঁড়া গুলিতে সাধারণ এক গাড়িচালক নিহত হয়। এছাড়া বাগদাদের বাইরে মার্কিন সেনাদের লক্ষ্য করে একটি গাড়িবোমা হামলার ঘটনায় একজন ইরাকি নিহত ও সাতজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজন মার্কিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বাগদাদের পশ্চিমে আল হাসওয়ায় একটি গাড়িবোমা বিস্ফোরিত হলে একজন মার্কিন সেনা নিহত হয়। ইরাক যুদ্ধের পর ২০০৩ এর মার্চ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫ শ ৬৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

শনিবার বাগদাদের দক্ষিণে সামারায় গাড়িবোমা বিস্ফোরণে এক সাধারণ ইরাকি নিহত হয়। এ ছাড়া মসুলে রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে তিনজন মার্কিন সেনা আহত হয়েছে। দক্ষিণ বাগদাদে মর্টারের আঘাতে ইরাকি সেনাবাহিনীর সাতজন আহত হয়েছে। বসরা নগরীর কাছে আবু আল খাসিবের একটি শিয়া মসজিদের পাশে অন্য একটি বিস্ফোরণের ঘটনায় একটি বিধ্বস্ত গাড়ি থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় আহত হয় আরও দুজন।

এদিকে বৃহস্পতিবারে বিমান হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে মার্কিন বাহিনী অভিযান চালিয়ে দুটি বাড়ি থেকে ছয় জনকে আটক করে এবং তাদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করে। ওই বিমান ভূপাতিত করার ঘটনায় বেঁচে যাওয়া বুলগেরিয়ান পাইলটকে বিদ্রোহীরা গুলি করে হত্যা করে। এ দৃশ্য একটি ভিডিওতে ধারন করে প্রদর্শন করা হয়।

শনিবারের এক বোমা বিস্ফোরণের ঘটনার পর বন্দুকযুদ্ধ চলাকালে ছবি তুলতে গিয়ে নিহত হয়েছেন এপির টেলিভিশন ক্যামেরাম্যান সালেহ ইব্রাহিম। বাগদাদের ২২৫ মাইল উত্তর-পশ্চিমে মসুলে এ ঘটনা ঘটে। এ নিয়ে এপির দুজন কর্মী নিহত হল। গত এক বছরে ইরাকে ১৭ ইরাকিসহ মোট ২৩ জন সাংবাদিক এবং আরও ১৬ জন ইরাকি মিডিয়া-কর্মী নিহত হয়।