ইসলামী সরকার চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে ইরাক অখন্ড থাকবে না: তালাবানি
ইরাকের নতুন প্রেসিডেন্ট জালাল তালাবানি বিশ্ব সম্প্রদায়ের প্রতি ঈঙ্গিত করে বলেছেন, ইরাকের ওপর ইসলামী সরকার চাপিয়ে দেওয়ার যেকোনও চেষ্টা ইরাকের অখন্ডতাকে নষ্ট করবে।
তিনি বলেন, সরকার গঠনের প্রয়োজনে শিয়া রাজনৈতিক দলগুলোর সাথে কুর্দিদের একটি সমঝোতা হয়েছে। এর ফলে কিছুটা আপোস রফা করতে হয়েছে। সমঝোতা অনুযায়ী ইরাকি আইনের বেশ কয়েকটি উৎসের একটি হবে ইসলাম। তবে নতুন সরকার ইসলামি সরকার হবে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তালাবানি আরও বলেন, সরকার যদি কুর্দি, শিয়া মুসলমান ও অন্যান্য মিলিশিয়াদের বুঝিয়ে-শুনিয়ে ’সুপথে’ আনতে পারে; অপরাধ দমনের কাজে নিয়োজিত করতে পারে তাহলে ইরাকে জঙ্গি তৎপরতার অবসান ঘটবে।
তিনি বলেন, ইরাকি নিরাপত্তা বাহিনী কর্তৃক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার অপেক্ষায় না থেকে এরকম পদক্ষেপ গ্রহণ করলে তা অধিকতর কার্যকর হতে পারে।
কথা প্রসঙ্গে ইরাকের প্রেসিডেন্ট কুর্দি নেতা জালাল তালাবানি বলেন, তিনি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড চান না এবং তার মৃত্যুদন্ড হলে সেই দন্ডাদেশে তিনি স্বাক্ষর করবেন না।
