ধনীদেশগুলো উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ সরবরাহে ব্যর্থ হয়েছে: গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন
বিশ্বের ধনী দেশগুলো উন্নয়নশীল দেশের শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। দ্য গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এ প্রতিবেদন যখন প্রকাশ করা হয় তখন ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছিল। বৈঠকে বৈশ্বিক পর্যায়ে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জন সম্পর্কিত আলাপ-আলোচনা চলছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বৈঠকে বিশ্ব নেতারা একমত হয়েছেন যে, জাতিসংঘ ঘোষিত ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ কর্মসুচির অংশ হিসেবে সকল শিশুর জন্য ২০১৫ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে।
এদিকে দ্য গ্লোবাল ক্যাম্পেইন অভিযোগ তুলেছে যে, বিশ্বের প্রায় একশ মিলিয়ন শিশু এখন স্কুলে যাচ্ছে না। আর এজন্য তারা ধনী দেশগুলো কর্তৃক দরিদ্র বা উন্নয়নশীল দেশগুলোতে প্রয়োজনীয় অর্থ সরবরাহে ব্যর্থতাকে দায়ী করেছে।
গ্লোবাল ক্যাম্পেইন ২২টি ধনী দেশকে তাদের গ্রেডিং তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দুটো দেশ নরওয়ে ও নেদারল্যান্ড ‘এ’ গ্রেডের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সর্বনিু ‘এফ’ গ্রেডে পড়েছে।
মোট সাহায্যের কতটুকু উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হয়েছে বিশেষ করে শিক্ষার জন্য তার ওপর ভিত্তি করেই গ্রেডিং তালিকা প্রনয়ণ করা হয়েছে। ‘জাতিসংঘের মিলেনিয়াম গোলে’ চলতি সালে মেয়েদের জন্য প্রাথমিক ও উচ্চ শিক্ষায় সমানাধিকার নিশ্চিত করার একটি ’অন্তর্বর্তী লক্ষ্য’ও নির্ধারণ করা হয়েছে।
গ্লোবাল ক্যাম্পেইন সংশয় প্রকাশ করেছে যে, জাতিসংঘের মিলেনিয়াম গোল- এর এই অন্তর্বর্তী লক্ষ্য অর্জিত নাও হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে যে, তাদের সাহায্য কার্যক্রমে মৌলিক শিক্ষা ও নারী শিক্ষার জন্য অধিকতর সুযোগ দানের ব্যাপারে জোরারোপ করা হয়েছে।
