কূটনৈতিক সংকট নিরসনে চীন যাচ্ছেন জাপানি পররাষ্ট্র মন্ত্রী
জাপানের পররাষ্ট্রমন্ত্রী নবোতাকা মাচিমোরা বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি গত তিন সপ্তাহ ধরে চলমান জাপানবিরোধী প্রতিবাদ-সমাবেশের ব্যাপারে তার সরকারের আপত্তির কথা জানাবেন।
বেইজিং সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যকার চলমান কূটনৈতিক সংকট নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
চীনে জাপানবিরোধী বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনইয়াং শহরে জাপানের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ মিছিল হয়েছে। জাপানের পাঠ্যপুস্তকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনে জাপান কর্তৃক পরিচালিত বর্বরোচিত হামলার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে চীনের সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠে।
এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্য পদ লাভের ব্যাপারেও চীনা জনগণ আপত্তি তুলেছে। বুধবার পূর্ব চীনের সমুদ্র উপকুলীয় বিরোধপূর্ণ তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকাটি জাপান কর্তৃক নিজের বলে দাবি করায় চীন আরও ক্ষুব্ধ হয়ে উঠে।
চীনের একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জিংহুয়া জানায়, জাপানের ভুল সিদ্ধান্ত এবং ইতিহাস বিকৃতির প্রতিবাদে এই বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
অপরদিকে রোববার চীনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র পিপলস ডেইলী জনগণকে ‘সামাজিক স্থিতিশীলতা’ বজায় রাখার আহবান জানিয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্পত্তিতে হামলার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার জন্য এবং সংঘটিত ঘটনাবলীর জন্য দুঃখ প্রকাশ করার কথা তিনি তার চীনা প্রতিপক্ষকে বলবেন।
রোববার চীনের হাজার হাজার মানুষ শেনইয়াং-এ জাপানের দূতাবাস ঘেরাও করে। চীনে জাপানের কনস্যুলেট ভবনের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে ভবনটিকে রক্ষা করতে প্রাণান্তকর চেষ্টা চালায়।
বার্তা সংস্থা আরও জানায়, চীনে জাপান বিরোধী মনোভাব দ্রুত বাড়ছে। গত শনিবার চীনের শাংহাইয়ে জাপানের কনস্যুলেট ভবনের দিকে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে মারে।
গত এক দশকের মধ্যে এই মুহূর্তে চীন-জাপান সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে যাচ্ছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি দু’দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসন করতে চান। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, কোনও পক্ষই এ ব্যাপারে খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছে না।
