সিরিয়াপন্থী নাজিব মিকাতি লেবাননের প্রধানমন্ত্রী
লেবাননের প্রেসিডেন্ট দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সিরিয়াপন্থী এমপি নাজিব মিকাতির নাম ঘোষণা করেছেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
কেয়ারটেকার প্রধানমন্ত্রী ওমর কারামির পদত্যাগের দুদিন পর এই ঘোষণা দেয়া হলো।
সরকার গঠনে ব্যর্থ হবার পর কারামি পদত্যাগ করেন। গত ছয় মাসে এ নিয়ে মোট দুবার তিনি পদত্যাগ করলেন।
সাবেক গণপূর্ত মন্ত্রী মিকাতি বিরোধী দলীয় এমপিদের সমর্থন নিয়ে এই মনোনয়ন লাভ করেন।
বিরোধীরা মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতির জন্য দ্রুত নতুন একটি সরকার দেখতে চাইছে।
মিকাতি বলেন, প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে তিনি সম্মানীত বোধ করছেন। তিনি বলেন, তার সরকার হবে উদারতাবাদ এবং জাতীয় ঐক্যের প্রতীক।
তিনি বলেন, ‘আমি মুক্ত মন নিয়ে এসেছি। লেবাননের স্বার্থে আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’
নাজিব মিকাতি তাকে মনোনীত করার জন্য বিরোধী দলকে এবং বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির বোন বাহিয়াকে ধন্যবাদ জানান।
তিনি রাজনীতিকদের প্রতি সব রকম বিভেদ ভুলে সরকারকে সফল করে তোলার জন্য আহবান জানান। আরবী টিভি চ্যানেল আল জাজিরা নাজির মিকাতির বক্তব্য সম্প্রচার করে।
