২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের মনোনীত প্রার্থী জন বোল্টনকে নিয়ে সিনেটে প্রচণ্ড বাকবিতণ্ডা: চীনের বাজারে বলদ পাঠানো আর জাতিসংঘের দূত হিসেবে বোল্টনকে পাঠানো একই কথা

জাতিসংঘের দূত হিসেবে প্রেসিডেন্ট বুশের মনোনীত প্রার্থী জন বোল্টন সিনেটে প্রচণ্ড বাকবিতণ্ডার সম্মুখীন হয়েছেন। সিনেটর যোশেফ বাইডেন বিতণ্ডার এক পর্যায়ে বলেছেন, চীনের বাজারে বলদ পাঠানো আর জাতিসংঘে দূত হিসেবে বোল্টনকে পাঠানো একই কথা। এদিকে, বোল্টন বলেছেন, জাতিসংঘের আগের অবস্থা ফিরিয়ে আনতে নতুন মার্কিন নেতৃত্ব প্রয়োজন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সিনেটে তার নিয়োগের ব্যাপারে শুনানিকালে জন বোল্টন আরও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বেশি মানোযোগী হওয়া উচিত। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

জন বোল্টন জাতিসংঘের একজন কট্টর সমালোচক। আর এ কারণেই তিনি ডেমোক্রেটদের রোষানলে পড়েন। একজন রিপাবলিকান ইঙ্গিত দিয়েছেন যে তিনি জন বোল্টনের বিপক্ষে ভোট দিবেন। সিনেট পররাষ্ট্র বিষয়ক কমিটির ডেমোক্রেট সদস্যদের বিরোধিতা বোল্টনের নিয়োগ স্থগিত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট।

জন বোল্টন ওই কমিটিকে জানান, বুশ প্রশাসন জাতিসংঘকে কূটনীতিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক হিসেবে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, আমি যদি এই পদে চূড়ান্তভাবে নিয়োগ পাই তাহলে বুশ প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে জাতিসংঘের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।

তিনি নিজেকে এই পদের জন্য একমাত্র উপযুক্ত প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, আমি বিশ্বাস করি যে জাতিসংঘকে কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই মার্কিন নেতৃত্ব প্রয়োজন।

পররাষ্ট্র দফতরের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বোল্টনের দুর্ব্যবহারের বিষয়গুলো নিয়েও সিনেটে ব্যাপক আলোচনা চলছে। তিন বছর আগে কিউবায় একজন গোয়েন্দা কর্মকর্তার সাথে দুর্বব্যহার এবং পরে ওই কর্মকর্তার চাকরি ইস্তফা দেওয়ার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে জাতিসংঘের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগও করা হয়েছে। তিনি এক সময় বলেছিলেন, জাতিসংঘের ৩৮ তলা ভবনের ১০ তলা ভেঙ্গে পড়লে নিইউয়র্কের তেমন ক্ষতি হবে না।

মার্কিন পরাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস তার মনোনয়ন প্রসঙ্গে বলেন, বোলটন এ পদে নিয়োগ পেলে তিনি জাতিসংঘের জন্য অনেক কিছুই করতে পারবেন। আর এ জন্য আমরা তাকে মনোনয়ন দিয়েছি। আগামী বেশ কয়েকদিন তার ব্যাপারে সিনেটে শুনানি চলবে।