২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল ছবির সুপারস্টার রজনীকান্তের বিশাল পোস্টার

ভারতীয় ছবিতে দোর্দণ্ড প্রতাপ বলিউডের। কিন্তু তামিল ছবির তারকাদের জনপ্রিয়তা এবং ভক্তদের ক্রেজের কাছে বলিউড যে অনেক পিছিয়ে আছে তার একটি অনন্য দৃষ্টান্ত রজনীকান্তের বিশাল মাপের দীর্ঘ মেগা পোস্টার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 02:44 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

হিন্দী এবং তামিল চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের অভিনীত ছবি ‘চন্দ্রমুখী’র পোস্টার নিয়ে সোমবার এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছে। চেন্নাই থেকে ১০০ কিমি. দূরে রজনীকান্তের ‘তিরুচিরাপল্লী ফ্যান সমিতি’ এর আয়োজন করে।

১০ ফুট প্রশস্ত এবং ১২০ ফুট উচু মাপের পোস্টার নির্মাণ করে তার একান্ত ভক্তরা। এটির পরিকল্পনা এবং ডিজাইন করতে তাদের ৫৫ দিন লেগে যায়। আর ছাপাতে লাগে ২৭ দিন। পোস্টারটি ১২৬ খণ্ডে বিভক্ত। 

দীর্ঘ বিরতির পর রজনীকান্তের নতুন ছবি রুপালী পর্দায় মুক্তি পাচ্ছে। সেজন্য তার ভক্তরা উন্মুখ হয়ে আছে। আগামী ১৪ এপ্রিল তামিল নববর্ষে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ ছবিটি নিয়ে দর্শক ও ভক্তরা বেশ আশাবাদী। এর আগে রজনীকান্ত অভিনীত ‘বাবা’ ছবিটি বক্স অফিস হিট করতে পারেনি।

রজনীর বিশাল পোস্টার নির্মাণের উদ্যোক্তা জি রাজু বলেন, ‘বিশাল মাপের এই পোস্টারটি লাগাতে স্পট বাছাই এবং উপযোগী দেওয়াল খুঁজে পাওয়া ছিল এক দুরূহ ব্যাপার। যেমন তিরুচিরাপল্লীর জন্য আমাদের ১০ টি পোস্টার বরাদ্দ ছিল কিন্ত লাগানো সম্ভব হয়েছে মাত্রটি ৫ টি পোস্টার। চেন্নাই, ব্যাঙালোরসহ সমগ্র তামিলনাডু রাজ্যে আমরা মোট ৪৪ টি পোস্টার লাগাতে সক্ষম হয়েছি।’

রাজু বলেন, লাগানো খরচসহ প্রতিটি পোস্টার নির্মাণ করতে খরচ পড়েছে ২ হাজার রুপি। আমাদের এই মেগা প্রচেষ্টার মূল লক্ষ্য সিনেমামুখী দর্শকদের দৃষ্টি আর্কষণ করা আর আমরা এতে সক্ষম হয়েছি।