জঙ্গি হামলায় ১৫ ইরাকি সেনা নিহত
বাগদাদের দক্ষিণে লতিফিয়া শহরের কাছে সেনা সদস্যদের গাড়ি বহরে অতর্কিত জঙ্গি হামলায় কমপক্ষে ১৫ ইরাকি সেনা নিহত হয়েছে।
লতিফিয়া শহরে আইন শৃঙ্খলার এত অবনতি হয়েছে যে, ইরাকিদের কাছে শহরটি ‘মৃত্যুকূপ’ নামেই পরিচিত। ইরাকের পুলিশ একথা জানায়।
ইরাকে মার্কিন বাহিনীর নেতৃত্বে বাগদাদ পতনের দ্বিতীয় বার্ষিকীতে এ হামলার ঘটনা ঘটলো। তবে ওই হামলায় ঠিক কতজন সেনা নিহত হয়েছে তার নিশ্চিত খবর এখনও জানা যায়নি। নিহতের প্রকৃত সংখ্যা পনেরর বেশিও হতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
লতিফিয়া শহরের নিকটবর্তী মাহমুদিয়া শহরের পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গিরা প্রথমে সেনাদের গাড়ি বহর থামাতে বাধ্য করে এবং পরে তাদের গুলি চালিয়ে হত্যা করে। অপরদিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তারা রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে মারা গেছে।
