কায়রোয় বিস্ফোরণে নিহত ২ ,বিস্তারিত
কায়রোর কেন্দ্রস্থলে এক বোমা হামলায় এক ফরাসী পর্যটক সহ কমপক্ষে দু’জন নিহত হয়েছে। জনাকীর্ণ একটি বাজারে বোমা ছুড়ে মারা হলে মোট ১৯ জন আহত হয়। বিস্ফোরণে আহতদের মধ্যে মার্কিনী, ফরাসী এবং ইতালীর পর্যটকরাও আছে।
নিহত অপর ব্যক্তি আমেরিকান। পুলিশের ধারনা, ইনিই হামলাকারী।
আল আজহার মসজিদের কাছে ঐতিহ্যবাহী স্থানটিতে গত সাত বছরে এই প্রথম বোমা হামলা হলো। এর উদ্দেশ্য সম্পর্কে জানা যায় নি।
ইসলামী ঐতিহ্যবাহী এই এলাকায় পর্যটকরা ভীড় জমিয়ে থাকে।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিলো যে, একটি মোটর বাইক থেকে বোমাটি ছুঁড়ে মারা হয়। কিন্তু পরে জানা গেছে, এক পুরুষ পথচারি এই হামলা চালায়।
কায়রোর প্রধান বাজার খান আল খলিজির কাছে আল মসকি সড়কে এই বিস্ফোরণ ঘটানো হয়। এখানে বিপনি বিতানগুলোতে সব সময় ভীড় লেগেই থাকে।
রাবাব রিফাত নামে এক মহিলা ক্রেতা বার্তা সংস্থা এপিকে জানান, তিনি বিকট আওয়াজ শুনতে পান। তিনি দেহ বিচ্ছিন্ন একটি মাথা উড়ে যেতে দেখেন বলেও জানান।
নিহত ফরাসী পর্যটক একজন মহিলা । আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায় নি। তবে ধারনা করা হয়, তিনি মার্কিনী।
ওদিকে, কায়রোয় মার্কিন দূতাবাস হামলাস্থল থেকে দূরে থাকার জন্য আমেরিকানদের সতর্ক করে দিয়ে বিবৃতি ইস্যু করেছে।
