পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করায় জাপানের বিরুদ্ধে বেজায় ক্ষেপেছে চীন ও দক্ষিণ কোরিয়া
জাপানের স্কুল-ছাত্রদের জন্য প্রণীত পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করায় চীন ও দক্ষিণ কোরিয়া কড়া প্রতিবাদ জানিয়েছে। দেশ দুটো অভিযোগ করেছে যে, জাপান তার সাম্রাজ্যবাদী সামরিক অতীতকে মুছে ফেলতে চায়।
ডানপন্থী একটি জাপানি প্রকাশনা সংস্থা কর্তৃক বইটির নতুন সংস্করন ছাপা হওয়ার পর প্রতিবাদ স্বরূপ চীনের বিভিন্ন সুপারমার্কেট কর্তৃপক্ষ ইতোমধ্যেই সেদেশে জাপানের খাদ্য-সামগ্রী বর্জন শুরু করেছে। জাপানের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বইটি বিতরণের জন্য অনুমোদন দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানি সেনাবাহিনী কর্তৃক চীন ও দক্ষিণ কোরিয়ার নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার, ১৯৩৭ সালে নানজিং গণহত্যা এবং যুদ্ধ চলাকালে চীন ও দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের জোরপূর্বক জাহাজে তুলে জাপানে নিয়ে যাওয়া ইত্যাদি প্রসঙ্গে প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বইটির একটি অধ্যায়ে জাপানের প্রাক-যুদ্ধকালীন (২য় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়) সাম্রাজ্যবাদী ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন এ কাজ ‘ইতিহাসের চরম বিকৃতি’ ভিন্ন অন্য কিছু নয়।
তিনি প্রশ্ন করেন, তাহলে ভবিষ্যত প্রজম্ম আগামীতে শান্তি, সমৃদ্ধি ও সমন্বয়ের পথে কিভাবে অগ্রসর হবে, আদৌ কি তারা তা পারবে?
চীনের পররাষ্ট্রমন্ত্রী সেদেশে নিয়োজিত জাপানের দূতকে তলব করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রকাশিত বইটি জাপানের নতুন প্রজম্মের জন্য বিষস্বরূপ, এটি স্কুলগামী ছাত্রদের মনে বিষক্রিয়া ঘটাবে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে জাপান তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সাম্রাজ্যবাদী অপকর্মকে ঢাকতে চায়, অস্বীকার করতে চায়।
গত এক দশকে জাপানের বিভিন্ন বই এশিয়ার বেশ কিছু দেশের জন্য মর্মপীড়ার কারণ হয়েছে। ২০০১ সালে যখন বইটি প্রথম প্রকাশিত হয় তখন দক্ষিণ কোরিয়া জাপান থেকে তাদের রাষ্ট্রদূতকে নয় দিনের জন্য প্রত্যাহার করে নিয়েছিল।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জাপানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জাপানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কাছে চীনে বসবাসরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
চীনের চেংদু এবং সেনজুনে এ ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে জাপানবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে। তারা সেখানে জাপানি মালিকানাধীন কয়েকটি সুপার মার্কেট তছনছ করে।
