যুক্তরাষ্ট্রে চলছে সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী মহড়া
যুক্তরাষ্ট্রে স্মরণকালের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী কার্যক্রমের মহড়া চলছে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ মহড়ায় রাসায়নিক ও জীবাণু অস্ত্র হামলায় নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হচ্ছে। প্রশিক্ষণ মহড়ায় ১০ হাজারের বেশি লোক অংশ নিয়েছে। এর মধ্যে কানাডা ও যুক্তরাজ্যের লোকজনও রয়েছে।
রাসায়নিক এবং জীবাণু অস্ত্র হামলায় আক্রান্তদের হাসপাতালে কীভাবে স্থানান্তর করতে হয় সে বিষয়ে মঙ্গলবার আলোকপাত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী মাইকেল চেরটফ বলেন, ‘এই প্রশিক্ষণ কার্যক্রম কোনও ভনিতা করার বিষয় নয়। আমরা যা করতে চাই তার জন্য আগে থেকেই পরিকল্পনা নিতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই প্রশিক্ষণ মহড়া সেসব অঞ্চলে করতে চাই যেখানে আমাদের সম্পর্কে সমালোচনা ও প্রশ্ন রয়েছে। মূলত আরো বেশি শেখার জন্য আমরা এটি করছি।’
প্রশিক্ষণ মহড়ায় বাস্তবিক পক্ষে জীবাণু কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করা না হলেও ফেডারেল ও স্থানীয় কর্মকর্তাদের জরুরি দায়-দায়িত্ব সম্পর্কে অবহিত করা হচ্ছে।
নিউজারসি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি জ্বলন্ত গাড়িকে কীভাবে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা পরীক্ষা-নিরীক্ষা করছে প্রশিক্ষণ মহড়ায় সেই বিষয়টিও দেখানো হয়েছে। এই মহড়ার লক্ষ্য হল জরুরি মুহূর্তে নিজেদের দুর্বল দিকগুলোকে চিহ্নিত করা। পুলিশ কমান্ডাররা সতর্কতার নির্দেশ দিচ্ছে আর পাশাপাশি জীবাণু অস্ত্র মোকাবেলায় স্যুটস ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
‘টপ-অফ ৩’ নামে এই মহড়ায় কানাডা ও ব্রিটেনের শীর্ষ কর্মকতারাও অংশ নেন। এর আগে ২০০৩ সালের মে মাসে ‘টপ-অফ ২’ নামে আরেকটি প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয় যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডার ৮ হাজার ৫শ লোক অংশ নিয়েছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াাশিংটনে হামলার পর এটাই হল স্মরণকালের সবচে বড় সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণ কার্যক্রম।
