পোপের অন্ত্যেষ্ট্রিক্রিয়া: নিরাপত্তা রক্ষার্থে ১০ হাজার পুলিশ নিয়োগ
পোপ দ্বিতীয় জন পলের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এতদোপলক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন সমাগত অতিথিদের নিরাপত্তা রক্ষার্থে সেখানে মোতায়েন করা হবে দশ হাজার পুলিশ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ প্রয়াত খ্রীষ্টান ধর্মগুরু পোপ দ্বিতীয় জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রতিনিধি দলের নের্তৃত্ব দেবেন। সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট, বুশের ভাই ও ফ্লোরিডা রাজ্যের গভর্ণর জেব বুশ প্রতিনিধি দলে থাকবেন বলে আশা করা যাচ্ছে।
প্রেসিডেন্ট বুশ এক বার্তায় বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, মার্কিন জনগনের পক্ষ থেকে এমন এক মহান ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে রোমে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় জনসমাগম ঘটতে যাচ্ছে। ২ শ’ রাষ্ট্র/সরকার প্রধান ছাড়াও প্রায় ২০ লাখ শোকার্ত মানুষ এতে অংশগ্রহন করবে বলে ধারনা করা হচ্ছে।
অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ইতালির বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে কড়া পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যাটিকানের আশেপাশের ভবনের ছাদেও পুলিশ মোতায়েন করা হবে। সর্বত্র সাদা পোশাকের পুলিশ তো থাকছেই।
অন্ত্যেষ্ট্রিক্রিয়ায় যেসকল রাষ্ট্র/সরকার প্রধান অংশ নেবেন তারা হলেন: বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্ট এবং প্রধানমন্ত্রী গাই ভেরহোপস্টাড, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাশিও লুলা ডা সিলভা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যুবরাজ চার্লস এবং ক্যান্টারবেরির আর্চবিশপ রুয়ান উইলিয়ামস, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসো, জার্মানীর চ্যান্সেলর গ্যারহার্ড শ্রোয়েডার এবং প্রেসিডেন্ট হোরস্ট কোয়েলার, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ম্যারি ম্যাকএলিস এবং প্রধানমন্ত্রী বার্টি আহের্ন, ইতালির প্রেসিডেন্ট কার্লো এজেগলিও চিয়াম্পি এবং প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকুনি, পোল্যান্ডের প্রেসিডেন্ট আলেকসান্দর কাওয়াজনিভস্কি, সাবেক পোলিশ প্রেসিডেন্ট লেচ ওয়ালেসা এবং প্রধানমন্ত্রী মারেক বেলকা, মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বুশ সিনিয়র এবং জাতিসংঘ মহাসচিব কফি আনান।
