২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-জাপান দ্বিপাক্ষিক বৈঠকের আহবান জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব কফি আনান চীন ও জাপানের নেতাদের প্রতি ইন্দোনেশিয়ায় চলতি সপ্তাহের আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনকে তাদের সম্পর্কোন্নয়নের কাজে লাগানোর জন্য আহবান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 01:41 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

দেশ দুটি শান্তিপূর্ণ উপায়ে তাদের মধ্যকার বিরোধ নিরসন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আগামী বৃহস্পতিবার আফ্রো-এশীয় সম্মেলনে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি যোগ দিবেন বলে আশা করা যাচ্ছে। কফি আনান মনে করেন, দেশ দুটি তাদের মধ্যে বিরাজিত মতানৈক্য কাটিয়ে উঠে সর্ম্পকোন্নয়নের ব্যাপারে উৎসাহিত হবে। দু’দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সহ সকল ক্ষেত্রেই  সুসর্ম্পক রয়েছে। আশা করা যায় চীন-জাপান দ্বিপাক্ষিক আলোচনায় এসব বিষয় গুরুত্ব পাবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রী বলেন, দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। কিন্তু কইজুমি মনে করেন, ‘বৈঠক যদি কটু বাক্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তা না হওয়াই ভাল।’

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাচিমোরা নবোতাকার সম্প্রতি চীন সফর উদ্ভূত সমস্যা নিরসনে কোন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। চীনের রাষ্ট্রীয় উপদেষ্টা তেং জিয়াজুয়ান সফরকারী নবোতাকাকে বলেন, ‘জাপান বারবার চীনের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে ব্যর্থ হচ্ছে এবং দুদেশের মধ্যে সুসর্ম্পককে ক্ষতিগ্রস্ত করছে।  

চীনে জাপানী দূতাবাস এবং কনস্যুলেট অফিস আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রী নবোতাকা মাচিমোরা দাবী জানিয়েছিলেনঃ চীনকে এজন্য দুঃখ প্রকাশ করতে হবে। কিন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওজিং তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ১০ হাজার লোকের জাপান বিরোধী প্রতিবাদ সমাবেশ হওয়ার মূল ইস্যু ছিল-যুদ্ধকালীন সময়ে জাপানীদের বর্বরতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের স্থায়ী আসন লাভের প্রচেষ্টা।

লি পাল্টা অভিযোগ করে বলেন, জাপানের বেশ কয়েকটি বিষয় চীনাদের অনুভূতিতে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে প্রতিপক্ষ তাইওয়ানের সাথে সর্ম্পকোন্নয়ন এবং জাপানী পাঠ্য বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের অপকর্ম চেপে যাওয়া।

চীন সফরকালে জাপানী পররাষ্ট্র মন্ত্রী মাচিমোরা সাংহাইয়ে ছড়িয়ে পড়া সহিংসতা থেকে জাপানী দূতাবাস এবং নাগরিকদের নিরাপত্তা দাবী করেছিলেন। তার অভিযোগ, জানালা ভাঙ্গা এবং রেস্টুরেন্ট ও গাড়ীর ক্ষতিসাধন করতে দাঙ্গাকারীদের সহায়তা করেছিল পুলিশ। তিনি বলেন, “ আর্ন্তজাতিক রীতিনীতি অনুযায়ী চীন আন্তরিকভাবে ব্যাপারটি দেখবে এটাই প্রত্যাশিত ছিল।”    

পর্যবেক্ষকদের মতে, জাপান এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সর্ম্পক কয়েক যুগের মধ্যে এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে।

চীনাদের অভিযোগ, ১৯৩৭-১৯৩৮ সালে চীনের নানজিং শহরে জাপানী সেনাবাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং নিদেনপক্ষে ৫০ হাজার থেকে ৩ লাখ সাধারণ নাগরিককে হত্যা করেছিল তাকে তাদের স্কুলের পাঠ্য পুস্তকে নিছক দুর্ঘটনা হিসেবে চিহিৃত করা হয়েছে। এশিয়া জয় করতে গিয়ে জাপান যে জীবাণু অস্ত্র ব্যবহার এবং লক্ষাধিক নারীর সম্ভ্রম কেড়ে নিয়ে যৌনদাসী হিসেবে নির্যাতন করেছে তা বেমালুম চেপে গেছে।

টোকিও বলছে, স্কুলের এই পাঠ্য পুস্তক সরকার ছাপায়নি। একটি প্রাইভেট কোম্পানী বইটি ছাপিয়েছে। জেলা স্কুলগুলো স্বতন্ত্রভাবে পাঠ্য বই বাছাই করে থাকে। মাত্র ১৮টি স্কুল এই বই পাঠ্য করেছে।