২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ২৪ জন মাওবাদী ও ৩ সেনা নিহত

নেপালের পশ্চিমাঞ্চলের দুটি জেলায় মাওবাদী বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এক সশস্ত্র লড়াইয়ে ২৪ জন মাওবাদী বিদ্রোহী এবং ৩ জন সেনা সদস্য নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

কাঠমুন্ডু থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিমে রলপা জেলার রামকট এবং রামজা এলাকায় নেপাল রাজকীয় সেনাবাহিনীর সাথে মাওবাদী গেরিলাদের এক বন্দুকযুদ্ধে ২২ জন বিদ্রোহী নিহত হয়। এ সময় ৩ জন সেনা সদস্য প্রাণ হারায়। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী দুটি স্বয়ংক্রিয় রাইফেলসহ ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্বার করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অপর এক বন্দুকযুদ্ধে বাজহাং জেলার চান্নাতে দুজন বিদ্রোহী মারা যায়। দারচুলা, তাপলজং এবং জুমলা জেলায় ৭ জন মাওবাদী বিদ্রোহী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে বলে সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। 

বিদ্রোহীরা নেপালের পূর্বাঞ্চলীয় জেলা পাঞ্চথার-এর লিম্বা গ্রাম থেকে ১২ থেকে ১৬ বছর বয়সের পাঁচজন শিশু-কিশোরকে অপহরণ করেছে। বিদ্রোহীদের বোমার আঘাতে একজন পথচারী মারাত্মক জখম হয়েছে।