সুনামিদুর্গতদের পাশে বোথাম
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান বোথাম সুনামি আক্রান্ত শ্রীলঙ্কার দক্ষিণ অঞ্চলে দুর্দশাগ্রস্ত জনগণকে আর্থিক সাহায্য দেয়ার জন্য বুধবার শ্রীলঙ্কায় যাচ্ছেন।
বোথাম কলম্বো থেকে ৭২ মাইল দক্ষিণে সুনামি-কবলিত গল স্টেডিয়ামটি ঘুরে দেখবেন। তাছাড়া তিনি ক্ষতিগ্রস্ত গ্রামগুলোও ঘুরে দেখবেন, যেখানে প্রায় ৩১,০০০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে।
বোথামের সফরের আয়োজক কুশাল গুনাসেকারা জানান, বোথাম ব্রিটেনের পক্ষ থেকে বিশেষ দূত হিসেবে দ্বীপ দেশটিতে যাচ্ছেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় সুনামিদুর্গতদের জন্য মুত্তিয়া মুরালিধরন যে তহবিল গঠন করেছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের পর তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইয়ান বোথাম।
