২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সহিংসতার কারণে উদ্বাস্তু হয়ে পড়েছে অগুণিত মানুষ: জাতিসংঘ

নেপালে মাওবাদীদের সহিংসতার কারণে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ সম্প্রতি নেপাল সফর শেষে এ কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জাতিংঘের উদ্বাস্তু বিষয়ক জরুরি ত্রাণ সংস্থার বিশেষ উপদেষ্টা ডেনিস ম্যাকনামারা বলেন, “উদ্বাস্তু হয়ে পড়া লোকজনকে নেপাল সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থা কেউই প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করছে না।”

তিনি বলেন, নেপালে কমপক্ষে এক থেকে দু’লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। তিনি আরও বলেন, “এসব লোকজন অস্থায়ী ভিত্তিতে সাহায্য পাচ্ছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম।”

ম্যাকনামারা অন্য একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, সহিংসতার কারণে দু’ মিলিয়ন মানুষ ঘরবাড়ি ছেড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, “এসব লোকের উদ্বাস্তু হওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহিংসতাই দায়ী।” নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে ১৯৯৬ সাল থেকে মাওবাদীদের সশস্ত্র সংগ্রাম চলছে এবং দিন দিন তা বাড়ছে।

নেপালের মাওবাদীরা কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করছে। ফলে রাজকীয় সেনাবাহিনীর সাথে সশস্ত্র সংঘাত নিত্যদিনের ঘটনা। সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ১১ হাজার মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের বিশেষ উপদেষ্টা আরও বলেন, নেপালে যুবকরা এখন বাড়ি-ঘর ছাড়া । কারণ, তারা একদিকে নেপালি সেনাবাহিনী অপরদিকে মাওবাদীদের হামলার শিকার।

তিনি আরও বলেন, “কিছু এলাকায় শতকরা ৬০ থেকে ৮০ ভাগ গ্রামের লোকজন তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।”

এর আগে তিনি উদ্বাস্তু সমস্যার জন্য মাওবাদীদের হামলা, জোরপূর্বক মাওবাদী কার্যক্রমে অন্তর্ভূক্ত করা এবং বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর অভিযানকে দায়ী করেন।

উল্লেখ্য, রাজা জ্ঞানেন্দ্র মাওবাদীদের দমনে ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ এনে গত ১ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে ক্ষমতাচ্যুত করেন। কিন্তু আন্তর্জাতিক মহল এটাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে বিবেচনা করছে।

ম্যাকনামারা নেপাল ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের মধ্যে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে সম্প্রতি নেপাল সফর করেন।

তিনি বলেন, অকারণ গ্রেফতার, হয়রানি, নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং শিশু পাচার ইত্যাদি কারণে নেপালের পরিস্থিতি বিপর্যয়ের দ্বারপ্রান্তে উপনীত।