দারফুর হত্যাকান্ড সম্পর্কে জাতিসংঘ প্রদত্ত পরিসংখ্যান সঠিক নয় ঃ কমন্সসভা কমিটি
সুদানের দারফুর সঙ্কট নিয়ে বিশ্ব নের্তৃবৃন্দের নিষ্ক্রিয়তা সত্যিই লজ্জাজনক বলে বৃটিশ সাংসদরা মন্তব্য করেছেন। তারা বলেছেন, দারফুরে কত লোক মারা গেল তার ব্যাপারে জাতিসংঘ প্রদত্ত তথ্য সঠিক নয়।
কমন্স সভায় তারা বলেন, সুদানের দারফুর হত্যাকান্ডে মৃতের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে যাওয়ার আশংকা থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিও এইচ ও) মৃতের সংখ্যা ৭০ হাজার বলে জানিয়েছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কমন্স সভা কমিটি এই ব্যাপারে মন্তব্য করে বলে বিশ্বনেতৃত্ব এ ব্যাপারে এতটাই নিস্ক্রিয় ছিল যে তা দেখে লজ্জা পেতে হয়।
এলাকাটিতে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের হত্যাযজ্ঞের পেছনে সুদান সরকার এবং আরব বিদ্রোহীদেরই প্রধানত দায়ী করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ২০০৩ সালের হত্যাযজ্ঞকে গনহত্যা বলে মন্তব্য করেছে। সমস্যার ঘুর্নিচাকায় প্রায় ২০ লক্ষ মানুষ বাড়ীঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে - যা আন্তর্জাতিক উন্নয়ন কমিটির ভাষায় গনহত্যা কিংবা ভয়ানক অপরাধের চেয়ে কম নয়।
কমিটি সমস্যার কারণ নির্ণয় না করে সমস্যা জিইয়ে রাখার দায়ে সুদান সরকারকে অভিযুক্ত করেছে।
কমিটি আরও বলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী যে ৭০ হাজার লোক মারা গেছে তারা শরণার্থী শিবিরে সুদানীদের আভ্যন্তরীন সহিংসতার ফলেই মারা যায়। যার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট মৃত্যুর সংখ্যা গননায় ভ্রান্তি রয়ে গেছে।
