ইন্দোনেশিয়ার দুর্যোগ কবলিত এলাকায় ব্যাপক ত্রান তৎপরতা
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে ব্যাপক ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ চলছে।
বিশ্বের বিভিন্ন স্থান থেকে জরুরি ভিত্তিতে ব্যাপক ত্রাণ সামগ্রী আসতে শুরু করেছে দুর্গত এলাকায়। জাতিসংঘের পর্যবেক্ষক দল নিয়াস দ্বীপে এসে পৌঁছেছে। তারা দ্বীপের মূল শহরটিতে অনেক মৃতদেহ ও আহত লোকজনদের দেখতে পান বলে জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ভূমিকম্পে মৃতের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও নির্ধারিত হয়নি। এখনও বিভিন্ন ধ্বংসস্তুপে মৃতদেহ পাওয়া যাচ্ছে। তবে সরকারের তরফ থেকে আশংকা ব্যক্ত করা হয়েছে, মৃতের সংখ্যা ২ হাজারেরও বেশি।
দুর্গত এলাকার রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে, বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। খাবার পানির অভাবে ভুগছে দুর্গত দ্বীপবাসী।
ইন্দোনেশিয়ায় ২০০৪ সালের ডিসেম্বরে ভয়াবহ সুনামির পর আবার নতুন করে ভূমিকম্প আঘাত হানলে দ্বীপের মানুষ ভয়ে হতবিহবল হয়ে পড়ে। যাই হোক, সুনামিতে বিপর্যস্তদের সাহায্যার্থে প্রাপ্ত অনেক ত্রান সামগ্রী এখনও মজুদ রয়েছে। সোমবারের ভূমিকম্পে বিধ্বস্ত দ্বীপে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর দুটি জাহাজ খাদ্য, তাবু এবং অন্যান্য জরুরি ত্রাণ-সামগ্রী নিয়ে রওনা হয়েছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব কফি আনান ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দুর্গতের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, মার্কিন সরকার দুর্গতদের সাহায্য করতে প্রস্তুত।
সোমবারের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিতগ্রস্ত দ্বীপ দুটি হচ্ছে নিয়াস এবং সিমিউলু দ্বীপ। অক্সফামের কর্মীরা জানিয়েছে, বিধ্বস্ত নিয়াস দ্বীপের ব্যস্ততম প্রধান শহর গুনুংসিতোলির অবস্থা খুবই ভয়াবহ। জল-সঞ্চালন ব্যবস্থা সম্পূর্ন বিধ্বস্ত হয়ে পড়েছে। রাস্তায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তুপ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হচ্ছে এখনও।
অক্সফাম জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে খাবার পানির বন্দোবস্তের জন্য এবং জরুরি ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার পরিকল্পনা করেছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলু বাম্বাং ইউধোনু দেশে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
