চীন সফরে যাচ্ছে কুমিনটাং প্রতিনিধি দল
তাইওয়ানের প্রধান বিরোধীদলীয় নেতা এবং ন্যাশনাল পার্টি অর্থাৎ কুমিনটাং (কেএমটি) দলের সহসভাপতি চ্যাং পিঙ্ক কুন-এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল চীন সফরে যাচ্ছে।
১৯৪৯ সালে চীনের রাজনৈতিক ক্ষমতা কমিউনিষ্ট পার্টির দখলে যাওয়ার পর তাইওয়ানের নেতৃত্বের পক্ষ থেকে এটাই প্রথম সফর। খবর বার্তা সংস্থার।
মিঃ চ্যাং বলেন, বেইজিং-তাইপের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসনই এ সফরের আসল উদ্দেশ্য।
চীন মনে করে তাইওয়ান চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ। চলতি মাসে বেইজিং তাইওয়ান-সম্পর্কিত একটি আইন পাস করে। এ আইন অনুযায়ী তাইওয়ান যদি কখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চায় তাহলে চীন তাতে হস্তক্ষেপ করতে পারবে।
প্রতিনিধি দলটি চীন সফর করার সময় তাদের দলের অর্থাৎ কুমিনটাং দলের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবে। তারা দলের প্রতিষ্ঠাতা সান ইয়াত সেন-এর কবরও জিয়ারত করবে।
