২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহনকারী এক প্রবীণ সৈনিককে ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ সরকার

বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে একটি যুগান্তকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ৮৪ বছর বয়সী সৈনিক জিৎ বাহাদুর রানাকে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। প্রায় অর্ধ শতক আগে জিৎ বাহাদুর রানা বৃটেনের পক্ষে বার্মায় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

১৯৪৩ সালে তিনি ব্রিটিশ বাহিণীর হয়ে জাপানিদের বিরুদ্ধে বার্মায় যুদ্ধ করেন। জিৎ বাহাদুর রানা অর্ধ শতকেরও বেশি সময় পরে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন।

বর্তমানে তিনি নাতি-নাতনীদের নিয়েই সময় কাটান। প্রবীণ সৈন্য রানা আজও যুদ্ধের সাহসিকতাপূর্ণ স্মৃতিগুলো রোমন্থন করেন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বলেন, ”যখন জাপানিরা গুলিবর্ষণ করত, তখন আমাদের সেনারা গা ঢাকা দিত। এক সময় আমাদের গ্রামের জাপানি গুপ্তচর আমাকে ধরে ফেলে এবং জাপানিদের হাতে তুলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি তিনদিন কারাগারে ছিলাম।”

গত ৩০ নভেম্বর বিচারপতি ম্যাককোম্বি বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে নেপালি গুর্খা সৈন্যদের ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা গ্রহন করতে ব্রিটিশ সরকারকে চাপ দেয়া হয়।

যদিও অদ্যাবধি ব্রিটিশ সরকার নেপালি গুর্খাদের কোনও ক্ষতিপূরণ দেয়নি। বৃটেন সরকার এ কারণে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে। তাদের (বৃটেন) বক্তব্য হচ্ছে, নেপালি গুর্খারা ভারতীয় সেনাবাহিনীর অংশ হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহন করেছিল বিধায় তাদের ক্ষতিপুরণ দিতে তারা রাজি নয়।

যাই হোক, বৃটেন সরকার জিৎ বাহাদুর রানাকে ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার পাউন্ড দিবে বলে জানা গেছে।

প্রবীণ সৈনিক রানা জানান, ”আমার একটি ছোট কুড়েঁঘর রয়েছে। এখানে আমার সাথে তিন পুত্র থাকে। আমি যে টাকাটা পাব, সেই টাকা দিয়ে আমার যেসব সমস্যা রয়েছে তা সমাধান করতে পারব। জীবন সায়াহ্নে উপস্থিত এক প্রবীণ সৈন্যের এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে!”