২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামিতে নারীর মৃত্যুর সংখ্যাই বেশি : অক্সফাম

এশিয়ায় সম্প্রতি সংঘটিত সুনামিতে পুরুষের চেয়ে নারীর মৃত্যুর সংখ্যাই বেশি। অক্সফাম ইন্টারন্যাশনাল সুনামি আক্রান্ত ভারত, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় একটি সমীক্ষা চালিয়ে এ তথ্য উদ্ঘাটন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সমীক্ষায় দেখা গেছে, কিছু কিছু জায়গায় প্রাকৃতিক দুর্যোগে যত পুরুষ মারা গেছে তার চেয়ে চারগুণ বেশি মহিলা মারা গেছে। 

সুনামিতে মহিলাদের সবচে’ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হল তারা হয় সাগরতীরে জেলেদের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল নতুবা ওই সময় তারা তাদের বাড়িতে ছেলেমেয়েদের দেখাশোনার কাজে ব্যস্ত ছিল।

ভারত মহাসাগর থেকে সৃষ্ট ভূমিকম্প এবং জলোচ্ছ্বাসের তিন মাস পর এ গবেষণা চালানো হয়। অক্সফাম ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ, ভারতের কুদালোর জেলা এবং শ্রীলংকার সুনামি আক্রান্তদের বিভিন্ন ক্যাম্প থেকে তথ্য সংগ্রহ করেছে।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বিসার জেলায় সুনামিতে ক্ষতিগ্রস্ত ৬শ ৭৬ জনের মধ্যে পুরুষ মাত্র ১শ ৮৯ জন। সেখানে মহিলাদের যা ক্ষতি হয়েছে তার মাত্র তিন ভাগের একভাগ ক্ষতি হয়েছে পুরুষের।

উত্তর আচেহ জেলার চারটি গ্রামে ৮২ জন পুরুষ মারা গেছে। কিন্তু মহিলার মৃত্যুর সংখ্যা হল ২শ ৮৪ জন। উত্তর আচেহ’র কুয়ালা কেংকয়ে মৃতদের শতকরা ৮০ ভাগই মহিলা।

সুনামিতে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারতের কুদালোর জেলার মহিলাদের ভাগ্যেও ঠিক একই পরিণতি ঘটেছে। পাচানকুপান নামে ভারতের একটি গ্রামে শুধু মহিলারাই মারা গেছে।

শ্রীলংকার চিত্রও তা-ই। জরুরি ক্যাম্পগুলোতে খুব কম সংখ্যক পুরুষই আশ্রয় নিয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত মহিলাদের সংখ্যা অনেক বেশি।

অক্সফামের পলিসি ডিরেক্টর বিকি বুয়েল বলেন, সুনামি নারী ও পুরুষের ব্যবধানকেই যেন প্রকট করেছে।

তিনি আরও বলেন, “যারা ত্রান তৎপরতা এবং পুনর্বাসন সংক্রান্ত কাজে জড়িত তাদের এই প্রাকৃতিক দুর্যোগ-সৃষ্ট অসামঞ্জস্য বিবেচনায় নিতে হবে, নতুবা আগামী বছরগুলোতে এসব কারণে বিস্তর সমস্যা দেখা দিতে পারে।”

তিনি বলেন, শরণার্থী ক্যাম্পগুলোতে ইতোমধ্যে ধর্ষণ, নির্যাতন এবং জোর করে বিয়ে করার ঘটনাও ঘটেছে। তিনি এ জন্য জনগণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান এবং মহিলা ভুক্তভোগীদের  নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান।

মিসেস বুয়েল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে পুরুষের পাশাপাশি মহিলাদেরও বাড়িঘর নির্মাণে সহায়তা দেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, সুনামিতে যেসব পুরুষ তাদের স্ত্রীকে হারিয়েছে সেসব পুরুষকে তাদের সন্তানের সঠিক পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া উচিত।