২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বেডিয়ায় ২০ কারাবন্দি নিহত

কম্বোডিয়ায় কারারক্ষীদের গুলিতে ২০ বন্দি নিহত হয়েছে। কয়েদীরা চার ওয়ার্ডেনকে অপহরণের পর জোরপূর্বক গাড়ি চালিয়ে গেট দিয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে রক্ষীরা তাদের ওপর গুলি চালায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পর্নহিয়া ক্রেক জেলার পুলিশ প্রধান ইএম সারি বলেন,“ কারাগার থেকে বের হবার চেষ্টাকালে কমপক্ষে ২০ কয়েদী নিহত হয়েছে।” ভিয়েতনাম সীমান্তের কাছে কম্বোডিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ কমপং চেম-এ কয়েদীরা রাত দেড়টার দিকে ছুরি, লাঠি এবং রড নিয়ে চার ওয়ার্ডেনের ওপর হামলা চালায় এবং তাদেরকে গাড়ি চালিয়ে কারাগার থেকে বের করার নির্দেশ দেয়।

ইএম সারি আরও বলেন, “কারাগারের প্রথম গেট ভেঙ্গে কয়েদীরা দ্বিতীয় গেটে গেলে কারারক্ষীরা তাদের ওপর গুলি চালায়। এ সময় ২০ কয়েদী নিহত হয় এবং ৩০ কয়েদী পালিয়ে যায়।”

পরে কারারক্ষীরা অপহৃত চার ওয়ার্ডেনকে মুক্ত করে। অপহৃত চারজনের মধ্যে  দুজনের অবস্থা আশংকাজনক। পরে তাদেরকে ভিয়েতনাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান,“ পরিস্থিতি এখন  নিয়ন্ত্রণে রয়েছে।”

কমপং প্রদেশের পুলিশ প্রধান কেং সকহর্ন ঘটনা স্বীকার করে বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই কয়েদীকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। ওই কারাগারে ৯০০ কয়েদী রয়েছে। এদের মধ্যে অনেক ভয়ংকর সন্ত্রাসীও আছে। এরা ২০ বছর কিংবা তারও অধিক সময় যাবত কারাগারে রয়েছে।