২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের মহাসচিব পদে দক্ষিণ এশিয়ার প্রার্থী

শ্রীলংকার সফল কূটনীতিক জয়ানাথ ধানাপালার জাতিসংঘ মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব সরকারের অনুমোদন লাভ করেছে । মহাসচিব পদ থেকে কফি আনান আগামী বছর ডিসেম্বরে তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব থেকে অবসর নেবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

জয়ানাথ ধানাপালার জন্য বিভিন্ন দেশে লবি অব্যাহত রাখতে তাদের কূটনীতিক মিশনকে অনুরোধ জানিয়েছে শ্রীলংকান পররাষ্ট্র মন্ত্রণালয়। এশিয়ান ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে জানা যায়, জয়ানাথ ধানাপালা জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন এবং কূটনীতিক হিসেবেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

ধানাপালা হলেন শ্রীলংকার একজন সফল কূটনীতিক। দীর্ঘ কূটনীতিক জীবনে সফলতার পর তিনি জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

বর্তমানে তিনি শ্রীলংকার শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তিনি তামিল টাইগারদের সাথে শান্তি আলোচনার জন্য সরকারের পক্ষে প্রধান আলোচকের ভূমিকা পালন করছেন।

কফি আনানের উত্তরাধিকারী হিসেবে জাতিসংঘের মহাসচিব পদে শ্রীলংকার ধানাপালার নাম প্রস্তাব করার পর আসিয়ান-এর পক্ষ থেকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সুরাকিরার্ত সাথীরাতাই এর পক্ষেও প্রস্তাব রাখা হয়।

এশিয়ার মহাদেশের প্রেক্ষাপটে কফি আনানের উত্তরাধিকারী এশিয়া থেকেই নির্বাচিত হওয়া উচিত বলে মনে করেন অনেকেই। সাবেক মহাসচিব উ থান্টের পর এই অঞ্চল থেকে আর কেউ মহাসচিব পদে নির্বাচিত হননি।

ওই পত্রিকাটি আরও জানায়, মহাসচিব পদে এই অঞ্চলের দু’জন প্রার্থী দৃশ্যত প্রতিদ্বন্দ্বিতা করলেও কে সম্ভাব্য গুরুত্বপূর্ণ তা পরে নির্ধারিত হবে। কফি আনানের পর কে জাতিসংঘ মহাসচিব পদে নির্বাচিত হবেন তার সিদ্ধান্ত দেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশগুলো। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং চীনের শুধু প্রার্থী নির্বাচনে ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে।

কফি আনান ২০০৬ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের মহাসচিবের দ্বিতীয় মেয়াদের পদ থেকে অবসর নেবেন।