২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের পর ক্যামিলার রানী হওয়ার হাতছানি

সকল জল্পনা-কল্পনা ও জটিলতার অবসান ঘটিয়ে চার্লস-ক্যামিলার দীর্ঘ দিনের গভীর প্রেম সফল হতে যাচ্ছে আগামী ৮ এপ্রিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

রাজপরিবারে এ নিয়ে ঝড় বয়ে গেছে, তবু প্রিন্স চার্লস টলেননি। বিয়ের পরও ক্যামিলাকে নিয়ে বিতর্ক থামছে না। চার্লস বলেছিলেন, তিনি শুধু বিয়ের স্বীকৃতির মধ্যে ক্যামিলা পার্কার বোলসকে সীমাবদ্ধ রাখতে চান।

ক্যামিলাকে বিশেষ স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে চার্লসের কোনও আগ্রহ নেই। কিন্ত ব্রিটিশ প্রচলিত আইনে তেমনটি হওয়ার কোনও সুযোগ নেই বলে সংবিধান বিষয়ক মন্ত্রী ক্রিস্টোফার লেসলি জানিয়েছেন।

লেসলি বলেন, চার্লস এবং পার্কার বোলসের মধ্যে বিয়ে উচ্চ মর্যাদাসম্পন্ন পুরুষের সাথে নিুতর সামাজিক মর্যাদাসম্পন্ন নারীর মধ্যে বিয়ে হিসেবে বিবেচনা করা যাবে না, যাতে স্ত্রীর সামাজিক বা রাষ্ট্রীয় মর্যাদা কিংবা সন্তানরা তাদের পিতার খেতাব ও উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে।

ব্রিটিশ আইনপ্রণেতা এন্ড্রু ম্যাকিনলে বলেন, ‘চার্লস রাজা হলে আপনাআপনি ক্যামিলা বোলস রানী পদে অধিষ্ঠিত হয়ে যাবেন। সংবিধান বিষয়ক বিভাগ নিশ্চিত করে বলেছে, বোলসকে রানী মর্যাদা দিতে না চাইলে নতুন আইন প্রণয়ন করতে হবে। আর এ পরিবর্তন শুধু ব্রিটেনে করলেই চলবে না অস্ট্রেলিয়া, জামাইকা, কানাডাসহ এক ডজনেরও বেশি দেশে যেখানে বৃটিশ রাজরানী হেড অব দ্যা স্টেট এর মর্যাদায় আসীন সেখানেও পরিবর্তন আনতে হবে। 

ব্রিটিশ জনগণ বিয়ে মেনে নিলেও ক্যামিলাকে রানী হিসেবে দেখতে চান না তারা। তাদের মনে প্রয়াত প্রিন্সেস ডায়নার স্মৃতি এখনও জ্বলজ্বল করছে। ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় নিহত ডায়না অভিযোগ করেছিলেন, তার বিয়ে ভাঙ্গার জন্য পার্কার বোলস দায়ী।

জনগণের চাপের মুখে চার্লস অবশ্য বলেন, আমি যদি রাজ সিংহাসনে বসি তাহলেও ক্যামিলার পদবী হবে আমার সঙ্গী মাত্র। বিয়ের পর তিনি হার রয়েল হাইনেস দি ডাচেস অব কর্নওয়াল পদবী পাবেন ।

ক্যামিলাকে কীভাবে সম্বোধন করতে হবে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের দফতরে এ নিয়ে কোনও তাড়া নেই। কী করতে হবে সেসবের জন্য এখন তারা সে সময়ের অপেক্ষায় আছেন।