২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ৪২

উত্তর চীনের একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন এখনও নিখোঁজ রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 12:42 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত শানজি প্রদেশের শাওঝাও শহরের কাছে জিংসুই কয়লার খনিতে শনিবার গ্যাস বিস্ফোরণের পর এ পর্যন্ত দু’জনকে উদ্ধার করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চীনের সরকারি টেলিভিশনে বলা হয়েছে, ২৭ খনি শ্রমিক খনির অভ্যন্তরে আটকা পড়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

চীনের বার্তা সংস্থা জিনহুয়া শানজি প্রদেশের কয়লা তদারকি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ১৯৯৩ সালে ওই কয়লা খনিটি স্থাপিত হয় এবং এর বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৫০ হাজার টনে নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু গত নভেম্বরে নিরাপত্তার কারণে সেখানে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

তদুপরি খনি মালিকরা আইন ভঙ্গ করে কয়লা উৎপাদন করে। চীনে ব্যাপক পাওয়ার-সর্টেজ থাকায় খনি মালিকরা মুনাফা তাড়িত হয়ে অ-নিরাপদ খনিতে উৎপাদন কাজ চালায়।

শনিবারের বিস্ফোরণের দু’দিন আগে চীনের দক্ষিণ-পশ্চিম চুংজিং শহরে আরেকটি কয়লা খনি বিস্ফোরণে ১৮ জন মারা যায়।

চীনেই বিশ্বের সবচে’ বেশি কয়লা খনি বিস্ফোরণ কিংবা দুর্ঘটনা ঘটে থাকে। গত বছর ৬ হাজারেরও বেশি কয়লা খনি শ্রমিক বিস্ফোরণ কিংবা দুর্ঘটনায় মারা গেছে।