পারমাণবিকক্ষমতাসম্পন্ন দূরপাল্লার মিসাইল উৎক্ষেপন
পাকিস্তান শনিবার একটি দূরপাল্লার মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপন করছে।
শাহীন-২ নামের এই মিসাইলটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য এই মিসাইলের উৎক্ষেপন অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ উপস্থিত ছিলেন। পাকিস্তানের সামরিক দফতরের বরাত দিয়ে একটি অনলাইন সংবাদ সংস্থা একথা জানায়।
পাকিস্তানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, দুই হাজার কিলোমিটার দূরত্বের মিসাইলটি প্রচলিত সমরাস্ত্রের পাশাপশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। শাহীন-২ নামে এই মিসাইলে অত্যাধুনিক দুস্তর বিশিষ্ট প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
একটি অনলাইন নিউজ এজেন্সি পাকিস্তানের সামরিক দফতরের বিবৃতি বরাত দিয়ে জানায়, ‘মিসাইলের বিভিন্ন কারিগরি দিক যাচাই করতেই পরীক্ষা চালানো হয়েছে এবং পরীক্ষায় সফলতা প্রমাণিত হয়েছে।’
মিসাইলটির পরীক্ষা চালানোর আগে পাকিস্তান পার্শ্ববর্তী পারমাণবিক শক্তিধর দেশ ভারতকে অবহিত করেছে । পাকিস্তান ভারতকে জানিয়েছে, মিসাইলের উৎক্ষেপন একটি পরীক্ষামূলক কাজ। এর সফল উৎক্ষেপনের পর প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘জাতি তার কৌশলগত সংস্থা এবং কৌশলগত নিরাপত্তার জন্য গর্বিত।’
মোশাররফ গত ডিসেম্বরে শাহীন-১ নামে আরেকটি মিসাইল উৎক্ষেপনের পর বলেছিলেন, ভারতের উদ্দেশে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়নি।
এই দুই দেশ অমীমাংসিত কাশ্মিরে শান্তির জন্য সংলাপ শুরু করেছে।
