ফের আলোচনার জন্য উ. কোরিয়াকে রাইসের আহবান
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস পারমাণবিক প্রশ্নে উত্তর কোরিয়াকে শিগগির পুনরায় আলোচনায় ফিরে আসার আহবান জানিয়েছেন। এশিয়া সফরের অংশ হিসেবে রাইস জাপানে পৌঁছে এই আহবান জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
উত্তর কোরিয়া গত মাসে ছয়জাতি আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকার ঘোষণা দেয়।
পিয়ংইয়ং বলছে, তারা আলোচনায় ফিরে আসতে পারে, যদি কন্ডোলিজা রাইস উত্তর কোরিয়াকে ‘স্বৈরাচারের ঘাঁটি’ বলার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক প্রশ্নে ২০০২ সাল থেকে তিনবার বৈঠকে বসলেও আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রচেষ্টা প্রতিহত করা হবে। অপরদিকে উত্তর কোরিয়া বলছে মার্কিন আক্রমণ থেকে আত্মরক্ষার প্রয়োজনে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার অধিকার রয়েছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে রাইস বলেন, উত্তর কোরিয়ায় হামলার কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।
রাইস আরও জানান, পিয়ংইয়ং যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখে, তাহলে আমেরিকা উত্তর কোরিয়ার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে।
তিনি এজন্য চীন এবং ওই অঞ্চলের বিভিন্ন দেশকে উত্তর কোরিয়ার ওপর প্রবল চাপ প্রয়োগের আহবান জানান।
তিনি আরও বলেন,“পারমাণবিক কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে রাজি করাতে হবে। কারণ সময় এসেছে সমঝোতার।”
